কলকাতা: দীর্ঘদিন পর ফের ছাত্র আন্দোলনের (NEET Protest) উত্তাপে সরগরম কলকাতার রাজপথ। নিট প্রশ্নফাঁস কাণ্ডে স্বচ্ছ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল মিছিলের ডাক দেয় বাম ছাত্র সংগঠনগুলি। কিন্তু সেই মিছিল শুধু বামেদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের আবহ যেন এদিন ছড়িয়ে পড়ল কলকাতার বুকেও।
বামেদের মিছিলে এসে মিশে গেল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র সমর্থক ও বহু সাধারণ ছাত্রছাত্রী। নিট সহ একধিক প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রের বেহাল-দুর্নীতিগ্রস্ত দশার প্রতিবাদ এবং সর্বপোরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে বামেদের আটটি সংগঠন এবং সিজেপি-র ডাকা মিছিল (NEET Protest) ঘিরে ধুন্ধুমার বাধে ধর্মতলা চত্বরে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ।
শিয়ালদা থেকে শুরু হওয়া মিছিল ধর্মতলার কাছে পৌঁছতেই পুলিশ তা আটকে দেয়। এরপরই বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশের কাছে আলাদা মিছিলের অনুমতি না মেলায় শেষ পর্যন্ত এক মঞ্চেই মিলিত হয় বিভিন্ন ছাত্র সংগঠন ও আন্দোলনকারীরা। শিয়ালদহ থেকে ধর্মতলার পথে মিছিল (NEET Protest) যত এগিয়েছে, ততই বেড়েছে জনসমাগম। কারও মুখে ব্যাটম্যানের মুখোশ, কারও হাতে সরকারের বিরুদ্ধে কটাক্ষে ভরা পোস্টার, আবার কারও গলায় ছিল স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা ও শিক্ষার অধিকার রক্ষার স্লোগান।
আন্দোলনকারীদের দাবি, দিল্লির যন্তর মন্তরের লড়াই কোনও এক শহরের নয়, গোটা দেশের কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যতের প্রশ্ন। সন্ধ্যে ৭ টা নাগাদ রাণী রাসমণি রোডে অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবী একটাই, যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবেন, ততক্ষণ পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।


