কলকাতা: একুশের মঞ্চে ঘোষণা করেছিলেন “প্রয়োজনে আমি দিল্লি যাব”! সেই কথা মতই আগামী ২৭ জুলাই অর্থাৎ সোমবার ককরোচ জনতা পার্টির আন্দোলনে (CJP protest) সমর্থন জানাতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলীয় সূত্রে এই কথা জানা গেলেও বিক্ষোভে তিনি অংশ নেবেন কিনা, জানা যায়নি।
প্রসঙ্গত, ৩৫ দিন ধরে যন্তর মন্তরে চলা সিজেপির নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনকে আগেই সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকের ভিডিও বার্তায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে ছাত্রদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে সোনম ওয়াংচুককে ‘তুলে নিয়ে গিয়ে’ হাসপাতালে ভর্তি করানোর পরও সমাজমাধ্যমে পোস্ট দিয়েছিলেন মমতা (Mamata Banerjee)। তিনি দাবী করেছিলেন, “সোনমকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হোক! প্রয়োজনে জনগণ খরচ চালাবে”।
এরপর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, “যারা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, তাদের সমর্থন করার প্রশ্নই ওঠে না। দরকার হলে আমি নিজেই ককরোচ জনতা পার্টির (CJP protest) কর্মসূচিতে যাব। প্রথম দিন থেকেই আমরা এই আন্দোলনের পাশে আছি।” এর আগেও দিল্লিতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি পদক্ষেপের কড়া সমালোচনা করেছিলেন তিনি। মমতার প্রশ্ন ছিল, “যে সরকার নিজের দেশের ছাত্রদের ভয় পায়, তারা কেমন সরকার?”
তবে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেও ২১ জুলাই নিয়ে ব্যস্ত থাকায় সশরীরে এতদিন তিনি পড়ুয়াদের পাশে দাঁড়াতে পারেননি বলে দলীয় সূত্রে খবর। বলা বাহুল্য, ইতিমধ্যেই সিজেপির আন্দোলনের (CJP protest) ঢেউ সংসদেও আছড়ে পড়েছে। বাদল অধিবেশনে ছাত্রদের দাবীকে সামনে রেখে কেন্দ্র সরকারকে তুলোধোনা করছে বিরোধীরা। এমনকি কংগ্রেস, সমাজবাদী পার্টি প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধর্নাও দিয়েছেন। এবার এই আন্দোলনে মমতা (Mamata Banerjee) তথা কালীঘাট তৃণমূল যুক্ত হয়ে কি করে, সেদিকেই নজর।


