Aaj India Desk, কলকাতা: তৃণমূল কংগ্রেস (TMC)-এর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের (Kalighat) বাড়ি সংক্রান্ত নথি নিয়ে হাজির হতে বলেছে কলকাতা পুরসভা (KMC)। শুক্রবার তাঁকে আলিপুরের ৯ নম্বর বরো অফিসে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, কালীঘাটের দুটি বাড়ির অনুমোদিত নকশা ও নির্মাণ সংক্রান্ত তথ্য যাচাই করতেই এই পদক্ষেপ করেছে পুরসভা।
পুরসভা সূত্রের দাবি, বাড়িগুলি অনুমোদিত বিল্ডিং প্ল্যান অনুযায়ী তৈরি হয়েছে কি না, সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। কোথাও অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত নির্মাণ হয়েছে কি না, তাও পরীক্ষা করা হবে। এর আগে পুরসভার ইঞ্জিনিয়ার ও আধিকারিকেরা ওই বাড়িতে গিয়ে জমি ও ভবনের মাপজোক করেন। সেই পর্ব শেষ হওয়ার পরই পরিবারের সদস্যদের কাছে নোটিস পাঠানো হয়। এবার সংশ্লিষ্ট সমস্ত নথি নিয়ে অমিত বন্দ্যোপাধ্যায়কে বরো অফিসে হাজির হতে বলা হয়েছে।
এর আগেও কলকাতা পুরসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় নোটিস পাঠিয়েছিল। সেই নোটিসের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের দাবি ছিল, ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট-সহ সংশ্লিষ্ট সমস্ত সম্পত্তি আইন মেনেই তৈরি হয়েছে। তাই পুরসভার নোটিস বাতিলের আবেদন জানানো হয় আদালতে।
শুধু আবাসিক বাড়িই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড’-এর কয়েকটি সম্পত্তিও পুরসভার নজরে রয়েছে। কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের ভবনগুলিকে কেন্দ্র করে পুর আইনের ৪০১ ধারায় নোটিস পাঠানো হয়েছে। ওই নোটিসে অনুমোদিত বিল্ডিং প্ল্যান, অতিরিক্ত নির্মাণের অনুমতি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে। অমিত বন্দ্যোপাধ্যায় এই সংস্থার অন্যতম ডিরেক্টর। এর আগে সংস্থার পক্ষ থেকে নথি সংগ্রহ ও পর্যালোচনার জন্য পুরসভার কাছে কিছু অতিরিক্ত সময় চাওয়া হয়েছিল।


