দক্ষিণী অভিনেতা রামচরণ (Ram charan) ও উপাসনা কোনিডেলার (Upasana Konidela) পরিবারে এসেছে খুশির খবর। অ্যাপোলো হাসপাতালেই জন্ম হয়েছে তাদের যমজ পুত্র কন্যার।
এরই মাঝে রবিবার সকালে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালের বাইরে রামচরণকে দেখতে জড়ো হন বহু ভক্ত। গাড়ি থেকে নামার পর নিরাপত্তারক্ষীরা থাকলেও ভিড় সামলানো যায়নি। ভিডিও ফুটেজে দেখা যায়, অভিনেতা কোলে তাঁদের প্রথম কন্যা দু’বছরের ক্লিন কারাকে চেপে ধরে কোনওরকমে ভিড়ের মধ্যে দিয়ে বেরিয়ে আসছেন। তাঁর মুখে স্পষ্ট অস্বস্তি ও বিরক্তির ছাপ।
এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ভক্তদের এই আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছেন। শিশু ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ।
উল্লেখ্য, ২০১২ সালে রামচরণ (Ram charan) ও অ্যাপোলো চ্যারিটির ভাইস চেয়ারম্যান উপাসনা কোনিডেলার বিয়ে হয়। দীর্ঘ ১১ বছর পর ২০২৩ সালে তাঁদের প্রথম কন্যা ক্লিন কারার জন্ম হয়। উপাসনা আগেই জানিয়েছিলেন, মাতৃত্ব তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, সমাজের কোনো চাপ নয়। এই বছর আবার যমজ সন্তানের জননী হলেন তিনি। মেগাস্টার চিরঞ্জীবী সোশ্যাল মিডিয়ায় যমজ সন্তানের খবর জানিয়ে বলেছিলেন, মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন। রামচরণও এক বিবৃতিতে সকলের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানান। তবে এই আনন্দের মুহূর্তেই ভক্তদের একাংশের আচরণ পরিবারের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে বলে মত অনেকের।


