কলকাতা: একসময় তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘কালারফুল বয়’। তৃণমূলের হাঁড়ি আলাদা হওয়ার পর এবার সেই মদন (Madan Mitra) মিত্রই মেয়ো রোডের সভা থেকে শোনালেন রাজনৈতিক আবেগে মোড়া বার্তা। শহিদ দিবসে গান্ধী মূর্তির পাদদেশের সভামঞ্চ থেকে মমতার উদ্দেশে তাঁর (Madan Mitra) আবেদন, “আপনাকে তারকারা মুখ্যমন্ত্রী বানায়নি, বানিয়েছেন এই হাজার হাজার জনতা।”
এরপরই আরও এক ধাপ এগিয়ে মদনের বার্তা, “অভিষেক এক ঘণ্টা সময় দিয়েছিল, আপনাকে আমরা এক মাস সময় দিচ্ছি। অভিষেকের হাত ছেড়ে আমাদের এখানে আসুন। আমাদের এই গলার উত্তরীয় আপনার পায়ে দেব।” বলা বাহুল্য, ছাব্বিশের ভোটে পালাবদলের পর বেনজির একুশে জুলাই-এর শহীদ দিবস উদযাপন দেখছেন রাজ্যবাসী। মোট ৪ জায়গায় শহীদ স্মরণ অনুষ্ঠিত হচ্ছে। যার মধ্যে সকলেরই নজর বিড়লা তারামণ্ডলের কাছে কালীঘাট তৃণমূলের সভা এবং মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত তৃণমূলদের শহীদ স্মরণ।
প্রসঙ্গত, মমতার হাত ছেড়ে সদ্য ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন মমতার কয়েক দশকের ছায়াসঙ্গী মদন মিত্র। দলত্যাগের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। এবার মদনের (Madan Mitra) এই মন্তব্যে স্পষ্ট, রাজনৈতিক সংঘাতের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আবেগের রাজনীতি ছাড়তে চাইছে না ঋতব্রত শিবির।
শনিবার দলত্যাগীদের ফেরাতে বড় বার্তা দেন কালীঘাট তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে যাঁরা তৃণমূল ছেড়ে অন্য শিবিরে যোগ দিয়েছেন, তাঁদের অনেকেই দলত্যাগের জন্য অভিষেকের ভূমিকার কথা উল্লেখ করেছেন। সেই অভিযোগেরই জবাব দিতে গিয়ে অভিষেক সরাসরি দলত্যাগী বিধায়ক ও সাংসদদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, “যাঁদের আমাকে নিয়ে সমস্যা, তাঁরা দলে ফিরুন। আপনারা ফিরে আসুন, আমি মাত্র ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দল ছেড়ে দেব।” সেই প্রসঙ্গই টেনে এদিন অভিষেকের হাত ছেড়ে মমতাকে (Mamata Banerjee) ঋতব্রত শিবিরে যাওয়ার আহ্বান জানালেন মদন মিত্র (Madan Mitra) ।


