26.4 C
Kolkata
Tuesday, July 21, 2026
spot_img

একুশের মঞ্চে প্রশ্ন শুলেই ক্ষেপে গেলেন চন্দ্রিমা! কেন?

কলকাতা: পালাবদলের পর এবারের ২১ জুলাই (Shahid Divas) একেবারেই অন্যরকম। রাজনৈতিক বিভাজনের আবহে নজর ছিল কার সভায় কত ভিড়, কার বার্তা কতটা প্রভাব ফেলল। মঙ্গলবার সকাল থেকেই বিড়লা তারামণ্ডলের সামনে ভিড় জমাতে শুরু করেন কালীঘাট তৃণমূলের সমর্থকরা। অন্যদিকে, মেয় রোডে গান্ধী মূর্তির পাদদেশে মঞ্চ বেঁধে সভা করছে ঋতব্রত তৃণমূল।

বেলা বাড়তে সেখানে ধীরে ধীরে উপস্থিত হচ্ছেন বিধায়করা। সকালের দিকে সেভাবে ভিড় না থাকলেও বেলা বাড়তে ভরতে শুরু করেছে চেয়ার। আবহেই মেয়ো রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সভায় সাংবাদিকদের প্রশ্নে কার্যত বিরক্ত হলেন সদ্য কালীঘাট শিবির ছেড়ে আসা চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

সকালে সভাস্থলে উপস্থিত হয়ে চন্দ্রিমাকে প্রশ্ন করা হয়, এবারের ২১ জুলাই (Shahid Divas) অন্যবারের তুলনায় কতটা আলাদা? প্রশ্ন শেষ হতেই তাঁর সংক্ষিপ্ত জবাব, “এই এক কথা রোজ রোজ বলতে ভালো লাগে না। সরকার আমাদের সভা করার অনুমতি দিয়েছে। সেই জায়গায় শহিদ স্মরণ করতে এসেছি।”

সকালের দিকে মেয়ো রোডের সভায় উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকলেও বিভিন্ন জেলা থেকে সমর্থকেরা আসতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভরতে থাকে চেয়ার। অন্যদিকে, বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাটপন্থী তৃণমূলের সভায় সকাল থেকেই কর্মী-সমর্থকদের ভিড় চোখে পড়ে। সেই প্রসঙ্গ তুলে ধরা হলে চন্দ্রিমা (Chandrima Bhattacharya) শুধু বলেন, “ভালো তো… যে যেভাবে শহিদ তর্পণ করছে… দেখুন।” লোকসমাগমের তুলনা টানতে অবশ্য রাজি হননি তিনি।

শুধু শহিদ দিবস নয়, এদিন উঠে আসে ২১ জুলাইয়ের ঘটনাকে ঘিরে চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্টের প্রসঙ্গও। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই রিপোর্ট প্রকাশ করার পর চন্দ্রিমা বলেন, “আগেই রিপোর্ট প্রকাশ করা উচিত ছিল। এতদিন প্রকাশ হয়নি। রিপোর্ট খতিয়ে দেখে আমাদের দল প্রতিক্রিয়া দেবে।”

ঋতব্রত শিবিরের আর এক নেতা শান্তনু সেনও এদিন শহিদদের শ্রদ্ধা জানাতে সভায় যোগ দেন। কমিশনের রিপোর্ট প্রসঙ্গে তাঁর বক্তব্য, “মুখ্যমন্ত্রী ফাইল যেভাবে খুলেছেন, সেই রিপোর্ট দেখে খারাপ লেগেছে।” এদিকে, কালীঘাট শিবিরের সভা (Shahid Divas) থেকে কুণাল ঘোষ দাবি করেন, ঋতব্রত শিবিরের সভায় প্রত্যাশিত ভিড় হয়নি। সমাজমাধ্যমে বিড়লা তারামণ্ডলের সামনে সমর্থকদের জমায়েতের একটি ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল লেখেন, “সভার কাজ শুরু হতে দেরি আছে। এখন ঘড়িতে সাড়ে এগারোটা। মমতাদির ডাকে বিড়লা তারামন্ডলের পাশে ২১ জুলাই শহিদতর্পণ। আদালতের নির্দেশ মেনে।” এখন দেখার চার সভার মধ্যে কার শহীদ স্মরণ ‘হিট’ হয়!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন