Aaj India Desk, নয়াদিল্লি: রাজপথে টানা বিক্ষোভ, সংসদ অভিযানে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ, এবং বিরোধীদের চাপের পর অবশেষে আলোচনায় বসতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার (Central Government)। NEET-UG 2026 পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে চলা আন্দোলনের জট কাটল সোমবার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার (J.P.Nadda) সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ২৩ দিনের আমরণ অনশন ভাঙলেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। সরকারের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত নেন।
দিনের ঘটনাপ্রবাহ
১৮ জুলাই ডিহাইড্রেশন, শরীরে পটাশিয়ামের মাত্রা কমে যাওয়া এবং কিটোন বেড়ে যাওয়ায় পুলিশ সোনম ওয়াংচুককে যন্তর মন্তর থেকে সফদরজং হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তি থাকলেও তিনি স্যালাইন ও ওষুধ নিতে অস্বীকার করে অনশন চালিয়ে যান। রবিবার তাঁর স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো জানিয়ে দেন, শিক্ষা ব্যবস্থার দায়বদ্ধতা ও পরীক্ষার স্বচ্ছতা নিয়ে স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অনশন বন্ধ হবে না।
সোমবার সকাল ১১টা ৫০ মিনিটে আন্দোলনকারী ও সিজেপি প্রতিনিধিরা সরকারের কাছে আলোচনার প্রস্তাব পাঠান। এরপর বিকেল ৪টা পর্যন্ত জেপি নাড্ডার সঙ্গে কয়েক দফা বৈঠক চলে। বৈঠকে আন্দোলনকারীরা তাদের লিখিত দাবিপত্রও জমা দেন। বৈঠকের পর সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলায় সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
নাড্ডার বক্তব্য
জেপি নাড্ডা ‘এক্স’-এ জানান, আন্দোলনকারীদের উদ্যোগেই আলোচনা শুরু হয় এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘ কথা হয়। তিনি বলেন, প্রতিনিধিরা তাদের লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন এবং সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে। তিনি আরও অনুরোধ করেন, আন্দোলনকারীরা যেন ধর্না তুলে নিয়ে প্রশাসনিক পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করেন।
আন্দোলনের পরবর্তী অবস্থান
এর আগে সোমবার সকালে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকও নিজের অনশন ভেঙেছিলেন। পরে সোনম ওয়াংচুকও অনশন প্রত্যাহার করেন।তবে সিজেপি স্পষ্ট করেছে, অনশন শেষ হলেও শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, NEET পরীক্ষার সুষ্ঠু পরিচালনা এবং প্রয়োজনীয় সংস্কারের দাবিতে তাদের আন্দোলন থামবে না। কেন্দ্র সরকারের আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর ছাত্রসমাজের।


