32.2 C
Kolkata
Saturday, July 18, 2026
spot_img

অনশন মঞ্চেই হাতাহাতি! রণক্ষেত্র বিশ্বভারতী ক্যাম্পাস

Aaj lndia Desk,বীরভূম :লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk)-র সমর্থনে বিশ্বভারতীর পড়ুয়াদের অনশন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শান্তিনিকেতন। শনিবার বিশ্বভারতী ক্যাম্পাসে এসএফআই (SFI) এবং এবিভিপি (ABVP)-র ছাত্রছাত্রীদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা, পরে স্লোগান-পাল্টা স্লোগান এবং শেষ পর্যন্ত ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি একসময় এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দুই পক্ষের কর্মী-সমর্থকেরা আলাদা আলাদা ভাবে জমায়েত শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশ্বভারতীর হিন্দি ভবনের সামনে এসএফআইয়ের কর্মী-সমর্থকেরা গিটার বাজিয়ে গান গাওয়ার পাশাপাশি অবস্থান-বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করছিলেন। সেই সময় সেখানে এবিভিপির কর্মী-সমর্থকেরা পৌঁছে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে শুরু করেন। এরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা স্লোগানকে কেন্দ্র করে শুরু হয় তর্কাতর্কি, যা অল্প সময়ের মধ্যেই ধস্তাধস্তি ও হাতাহাতির রূপ নেয়।

ঘটনার পর দুই ছাত্র সংগঠনই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এসএফআইয়ের দাবি, তারা শান্তিপূর্ণভাবে অনশন ও অবস্থান কর্মসূচি চালাচ্ছিল। সেই কর্মসূচিতে এবিভিপির সদস্যরা এসে ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করে এবং হামলা চালায়।

অন্যদিকে, এসএফআইয়ের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবিভিপি। সংগঠনের দাবি, তারাই কোনও সংঘর্ষ শুরু করেনি। বরং এসএফআই-ই শান্তিনিকেতনের পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। এবিভিপির এক নেতা অভিযোগ করে বলেন, এসএফআই দেশের স্বার্থবিরোধী অবস্থান নিচ্ছে এবং অনশন কর্মসূচির আড়ালে অন্য উদ্দেশ্য পূরণের চেষ্টা করছে। তাঁর আরও দাবি, অনশনের নামে সেখানে নেশাও করা হচ্ছে।

এই ঘটনাকে ঘিরে বিশ্বভারতী ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে এই অভিযোগ ও পাল্টা অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতির উপর নজর রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন। দুই পক্ষের জমায়েতকে কেন্দ্র করে ক্যাম্পাসে এখনও চাপা উত্তেজনা বজায় রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন