32.2 C
Kolkata
Saturday, July 18, 2026
spot_img

রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা ! শোকাহত পরিবারের পাশে দুই বিধায়ক!

Aaj India Desk, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের গোবিন্দপুরের ভয়াবহ রেলগেট দুর্ঘটনায় (Murshidabad Train Accident) মৃত পড়ুয়াদের পরিবারের পাশে দাঁড়াতে শনিবার একসঙ্গে দেখা গেল সিপিআইএম ও বিজেপির দুই বিধায়ককে। বেলডাঙার বিজেপি বিধায়ক ভরত কুমার ঝাওর (Bharat Kumar Jhaor) এবং ডোমকলের সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান (Md. Mostafijur Rahaman) একসঙ্গে মৃতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে এই উদ্যোগ স্থানীয়দেরও নজর কেড়েছে।

রেল দুর্ঘটনার (Murshidabad Train Accident) পর শনিবার সকালে ভরত ঝাওর একে একে মৃতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন। একই সময়ে এলাকায় উপস্থিত ছিলেন ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক জামির মোল্লা। প্রথমে মৃত ছাত্রী তামান্নার বাড়িতে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এরপর ভরত ঝাওরের সঙ্গে তাঁর দেখা হয়। এরপর তাঁরা একসঙ্গে বিভিন্ন বাড়িতে গিয়ে শোকগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান। একসঙ্গেই অন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছেও যান এবং তাঁদের সঙ্গে কথা বলেন।

বিজেপি বিধায়ক ভরত ঝাওর বলেন, “এরকম ঘটনা ঘটলে রাজনীতি করলে হয় না। মানুষের পাশে দাঁড়াতে হবে। উনি (মোস্তাফিজুর রহমান) আমার পরিচিত। ডোমকলের বিধায়ক। তাঁর প্রতি আমার সম্মান রয়েছে। আমি ওঁকে বললাম, চলুন একসঙ্গে যাই।” সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান বলেন, “একটা দুর্ঘটনা ঘটেছে। এখানে রাজনীতির কোনও ব্যাপার নেই। উনিও একজন বিধায়ক, আমিও জনপ্রতিনিধি। কোনও মানুষ বিপদে পড়লে তাঁর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”

উল্লেখ্য, শুক্রবার সকালে কাটোয়া-আজিমগঞ্জ শাখার বহরমপুর থানার গোবিন্দপুর এলাকায় একটি রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় (Murshidabad Train Accident) একটি পুলকার দুর্ঘটনার কবলে পড়ে। মদ্যপ গেটকিপারের গাফিলতির কারণেই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় চার পড়ুয়া এবং এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত তিন পড়ুয়া ও পুলকারের চালক বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন