কলকাতা: রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। এক ধাক্কায় ৩৩ জন আইপিএস (IPS) অফিসারের বদলির নির্দেশ জারি করেছে নবান্ন। মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন হল রাজ্যের গোয়েন্দা প্রধান তথা সিআইডির এডিজি সুপ্রতিম সরকারের (Supratim Sarkar) বদলি।
সরকারি নির্দেশ অনুযায়ী, সিআইডি তথা রাজ্যের গোয়েন্দা শাখার দায়িত্ব থেকে সরিয়ে সুপ্রতিম সরকারকে এডিজি (টেলিকমিউনিকেশন) পদে পাঠানো হয়েছে। প্রশাসনিক মহলের একাংশের মতে, এটি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ দায়িত্ব হওয়ায় এই বদলি নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

অন্যদিকে, রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পেলেন সিনিয়র আইপিএস অফিসার নটরাজন রমেশবাবু (Natraj Ramesh)। তিনি এতদিন রাজ্যের কারা বিভাগের ডিরেক্টর জেনারেল (ডিজি) পদে কর্মরত ছিলেন। এবার তাঁকেই সিআইডির দায়িত্ব দিয়ে গোয়েন্দা শাখার নেতৃত্বে আনা হয়েছে। রদবদলের তালিকায় রয়েছেন অভিজ্ঞ আইপিএস (IPS) অফিসার কে. জয়রামনও। এতদিন তিনি এডিজি (উত্তরবঙ্গ) পদে কর্মরত ছিলেন। এবার তাঁকে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেসের (ডিইও) ডিরেক্টর করা হয়েছে। অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত তদন্তের দায়িত্ব এবার তাঁর কাঁধে।
পশ্চিমাঞ্চলের এডিজি পদ থেকেও সরানো হয়েছে আইপিএস (IPS) বিশাল গর্গকে। তাঁকে রাজ্য গোয়েন্দা শাখা (আইবি)-তে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর আইজি হিসেবে দায়িত্বে থাকা প্রবীণ ত্রিপাঠিকেও বদলি করা হয়েছে। তাঁকে হোমগার্ড বিভাগের আইজি করা হয়েছে।
নবান্ন সূত্রের খবর, পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় কাজের গতি বাড়ানো এবং প্রশাসনিক পুনর্বিন্যাসের লক্ষ্যেই এই রদবদল করা হয়েছে। তবে সিআইডি, এসটিএফ, আইবি-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের শীর্ষপদে একযোগে পরিবর্তন হওয়ায় প্রশাসনিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে এই সিদ্ধান্তকে। নবান্নের এই সিদ্ধান্তের পর আগামী কয়েক দিনের মধ্যেই বদলি হওয়া আধিকারিকরা নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।


