Aaj India Desk, মালদহ: সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মালদার চাঁচল থেকে এক কনটেন্ট ক্রিয়েটর (Content Creator)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত তরুণীর নাম মুসু ইয়াসমিন (Mushu Yasmin)। জানা গিয়েছে, গত শুক্রবার চাঁচল মহিলা বিজেপি মোর্চার পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে চাঁচল থানার পুলিশ। এরপর শনিবার মুসু ইয়াসমিনকে গ্রেপ্তার করা হয়।
বিজেপির দাবি, ‘মুসু ইয়াসমিন অফিশিয়াল’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অমিত শাহকে উদ্দেশ্য করে অশালীন ও কুরুচিকর মন্তব্য করা হয়েছিল। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শনিবার ধৃত তরুণীকে চাঁচল মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
পরে অভিযুক্তকে চাঁচল মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে তিন দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে এই অভিযোগ কিংবা নিজের গ্রেপ্তারির বিষয়ে এখনও পর্যন্ত মুসু ইয়াসমিনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া বা মন্তব্য সামনে আসেনি।


