Aaj India Desk, কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার একাধিক কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সরকারি কর্মসূচির মাঝেই তিনি পৌঁছে যান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বালিগঞ্জের বাড়িতে। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি (BJP) নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।
এই সাক্ষাৎ শুধুই সৌজন্য বিনিময়ের জন্য, নাকি এর পিছনে অন্য কোনও তাৎপর্য রয়েছে—তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক মহলে নানা আলোচনা। কারণ, অমিত শাহর প্রকাশিত কর্মসূচিতে প্রসেনজিতের বাড়িতে যাওয়ার কোনও উল্লেখ ছিল না।
সোমবার কলকাতায় পৌঁছে প্রথমে ইকো পার্কে যান অমিত শাহ। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে যান এবং কিছু সময় সেখানে কাটান। সেখান থেকে তাঁর মিলন মেলায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও, তার আগে তিনি সরাসরি প্রসেনজিতের বাড়িতে পৌঁছে যান।
এই সাক্ষাৎকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কারণ, এর আগেও চলতি বছরের ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অভিনেতার বাড়িতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তখন পদ্মশ্রী সম্মান পাওয়ায় প্রসেনজিৎকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁকে রামলালার একটি মূর্তি উপহার দেওয়া হয়েছিল। সেই বৈঠকে সিনেমা, অভিনয় এবং রাজ্য-দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা যায়।
সাক্ষাতের পর সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়েছিলেন, সেটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক। তাঁর কথায়, এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। শিক্ষা ও চলচ্চিত্র জগতকে রাজনৈতিক টানাপোড়েনের বাইরে রাখার পক্ষেও তিনি মত প্রকাশ করেছিলেন। এরপর কিছুদিন আগে নিজের নতুন ছবি দেখার আমন্ত্রণ জানাতে প্রসেনজিৎ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতেও গিয়েছিলেন। আর এবার অমিত শাহর তাঁর বাড়িতে যাওয়া ঘিরে রাজনৈতিক মহলে আবারও নানা জল্পনা তৈরি হয়েছে।


