Aaj India Desk, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের আমলে টানা পাঁচবার বাজেট (Budget) পেশ করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। এমনকি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতেও অর্থ দফতরের দায়িত্বে থেকে বাজেট উপস্থাপন করেন তিনি। তবে দল ছাড়ার পর সেই বাজেট নিয়েই এবার একের পর এক বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন মন্ত্রী।
শনিবার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা বলেন, তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি শুধু সেটাই পালন করেছেন। তাঁর দাবি, “বাজেট তৈরির সময় আমার সঙ্গে কোনও আলোচনা হতো না। আমি শুধু নির্দিষ্ট দিনে বাজেট পেশ করতাম।” তিনি আরও বলেন, “সাধারণ মানুষ বাজেটের বিষয়ে যতটা আগে জানতে পারতেন, আমিও প্রায় সেই সময়ই বিষয়গুলো জানতে পারতাম। তার আগে বাজেটের খুঁটিনাটি আমার জানা থাকত না।”
বাজেট তৈরির দায়িত্ব কার হাতে ছিল, সেই প্রশ্নের জবাবে চন্দ্রিমা বলেন, “এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারব না। কারা বাজেট তৈরি করতেন, সেটা আমার জানা নেই।” এতদিন কেন মুখ খোলেননি, সেই প্রশ্নের উত্তরে তাঁর বক্তব্য, “মন্ত্রী হিসেবে গোপনীয়তা রক্ষা করার শপথ নিয়েছিলাম। সেই দায়িত্বের কথা মাথায় রেখেই এতদিন এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলিনি।” একজন অর্থমন্ত্রী যদি বাজেটের বিস্তারিত আগে থেকেই না জানেন, তাহলে তা নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
এদিকে চন্দ্রিমার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাপস রায়। তাঁর কথায়, “রাজ্যের বিপুল ঋণের দায় থেকে চন্দ্রিমা ভট্টাচার্য নিজেকে আলাদা করতে পারেন না।” পাশাপাশি তাঁর দাবি, “অর্থ দফতরকে কখনও পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়নি, সেটি রাষ্ট্রমন্ত্রীর স্তরেই ছিল।”


