কলকাতা: বিধানসভায় ‘গুন্ডাদমন বিল’ পাশ হতেই খুলতে শুরু করেছে সব ‘পুরনো ফাইল’! ৩ বছর আগে রিষড়ায় রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ এবং ব্যাপক অশান্তির ঘটনায় এনআইএ (NIA)-এর জালে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) স্বামী সাকির আলি (Shakir Ali)। যিনি কিনা আবার রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রিষড়ায় অভিযান চালিয়ে তৃণমূল কাউন্সিলর তথা আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) স্বামী সাকির আলিকে (Shakir Ali) গ্রেফতার করে এনআইএ। অভিযানের আগে গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি ঘিরে রাখেন।
তদন্তকারী সংস্থার (NIA) আধিকারিকরা বাড়ির ভিতরে ঢুকে দীর্ঘ সময় ধরে সাকির আলিকে জিজ্ঞাসাবাদ করেন। তদন্তে পাওয়া তথ্য ও নথির ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে এনআইএ (NIA) সূত্রে খবর। সংস্থার দাবি, রামনবমী অশান্তি মামলায় সাকির আলির ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। সেই সূত্র ধরেই তাঁকে (Shakir Ali) হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, রিষড়ায় রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ব্যাপক অশান্তির ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছিল। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে তদন্তভার নেয় এনআইএ (NIA)। গত তিন বছরে এই মামলায় একাধিক গ্রেফতারি হয়েছে এবং তদন্ত এখনও চলছে। তদন্তকারীদের মতে, মঙ্গলবারের এই গ্রেফতারি মামলার অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি।


