36.5 C
Kolkata
Sunday, June 28, 2026
spot_img

স্কুলে ৭-৮ বছরের শিশুদের ছাদে তুলে জলের ট্যাঙ্ক পরিষ্কার! প্রশ্নের মুখে স্কুল কর্তৃপক্ষ

Aaj India Desk, ঝাড়গ্রাম: বয়স মাত্র সাত-আট বছর, কেউ হয়তো তারও ছোট। সেই শিশুদেরই স্কুলের বাথরুমের ছাদে (School Bathroom Roof) তুলে জলের ট্যাঙ্ক (Water tank) পরিষ্কার করানোর অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, স্কুলে শিক্ষক-কর্মীরা থাকতে এমন ঝুঁকিপূর্ণ কাজ কেন ছোটদের দিয়ে করানো হল? যদি কোনও দুর্ঘটনা ঘটত, তাহলে তার দায়িত্ব কে নিত?

ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের ধড়সা এলাকার মুনিয়াদা প্রাথমিক বিদ্যালয়ে। শনিবার সকালে প্রায় সাড়ে ৮টা নাগাদ রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন অভিভাবক দেখতে পান, কয়েকজন ছোট পড়ুয়া স্কুলের বাথরুমের ছাদে উঠে জলের ট্যাঙ্ক পরিষ্কার করছে। অভিযোগ, শুধু ট্যাঙ্কের বাইরে নয়, একজন ছাত্রকে ট্যাঙ্কের ভিতরেও নামানো হয়েছিল পরিষ্কারের জন্য।

এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা। তারা শিশুদের কাছে জানতে চাইলে, পড়ুয়ারা জানায়, শিক্ষকই তাদের এই কাজ করতে বলেছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় আধ ঘণ্টা ধরে বাচ্চারা ছাদের উপর ছিল। কেউ ট্যাঙ্ক পরিষ্কার করছিল, আবার কেউ সেখানে খেলাধুলোও করছিল। এতে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

এর পাশাপাশি অভিভাবকদের অভিযোগ, স্কুলের শৌচালয়ের আশপাশে প্রচুর ঝোপঝাড় জমে রয়েছে। শৌচালয়ের অবস্থাও অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন। এমন পরিবেশে ছোটদের দিয়ে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করানোকে চরম দায়িত্বজ্ঞানহীন বলে মনে করছেন তারা।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষক ধ্রুব বাগচীকে ঘিরে বিক্ষোভ দেখান। অভিযোগের জবাবে প্রধান শিক্ষক জানান, তাঁরা সেই সময় শ্রেণিকক্ষে ছিলেন। তাই কখন ছাত্ররা ছাদে উঠে গিয়েছিল, তা তাঁদের নজরে আসেনি। পরে বিষয়টি দেখতে পেয়েই শিশুদের নিচে নামিয়ে আনা হয়।

তবে প্রধান শিক্ষকের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, এত ছোট শিশুদের ছাদে উঠে দীর্ঘ সময় ধরে ট্যাঙ্ক পরিষ্কার করা স্কুল কর্তৃপক্ষের অজান্তে হওয়া সম্ভব নয়। তাই ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন