31.7 C
Kolkata
Saturday, June 27, 2026
spot_img

ফ্ল্যাট কিনে অপেক্ষা? দেরি হলেই ক্ষতিপূরণের অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: কড়ায় গন্ডায় টাকা অ্যাডভান্স করে দিয়েছেন, ব্যাংকে ইএমআই-ও শুরু হয়ে গিয়েছে। কিন্তু সাধের ফ্ল্যাটে (Flat) গৃহপ্রবেশই করতে পারছেন না? কারণ, ফ্ল্যাট কেনার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলেও ফ্ল্যাটের চাবি হস্তান্তর করছে না বিল্ডার? আপনিও যদি এই সমস্যায় পড়েন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। ফ্ল্যাট ক্রেতাদের জম্য ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

যেখানে বলা হয়েছে, কেনার পরও ফ্ল্যাট হস্তান্তরে দেরি হলে ক্ষতিপূরণ দাবী করতে পারবেন ক্রেতারা। সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, ফ্ল্যাটের দখল পরে গ্রহণ করলেও বিলম্বের জন্য ক্ষতিপূরণ চাওয়ার অধিকার কোনওভাবেই খর্ব হয় না।

মামলাটি এক ফ্ল্যাট (Flat) ক্রেতার আবেদনের ভিত্তিতে ওঠে, যিনি ২০০৩ সালে দিল্লির একটি সমবায় হাউজিং সোসাইটির সদস্য হন। ফ্ল্যাট হস্তান্তরে দীর্ঘ বিলম্বের অভিযোগ তুলে তিনি উপভোক্তা ফোরামের দ্বারস্থ হন। পরে এনসিডিআরসি তাঁর আবেদন খারিজ করে জানায়, ফ্ল্যাটের (Flat) দখল নেওয়ার পর তিনি আর ‘উপভোক্তা’ হিসেবে ক্ষতিপূরণ দাবি করতে পারেন না। সেই রায়কেই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

৪ জুনের রায়ে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ক্ষতিপূরণের দাবি তৈরি হয় ফ্ল্যাট হস্তান্তরে বিলম্বের সময় থেকেই। পরবর্তীতে ফ্ল্যাটের (Flat) দখল গ্রহণ করলেও সেই দাবি বাতিল হয়ে যায় না। একই সঙ্গে আদালত বলেছে, উপভোক্তা সুরক্ষা আইন একটি কল্যাণমূলক আইন, যার উদ্দেশ্য দ্রুত, সহজ এবং স্বল্প ব্যয়ে ভোক্তাদের ন্যায়বিচার নিশ্চিত করা।

আদালত (Supreme Court) আরও জানিয়েছে, ক্রেতা ও নির্মাতা সংস্থার চুক্তিতে সালিশি ধারা (Arbitration Clause) থাকলেও শুধুমাত্র সেই কারণ দেখিয়ে উপভোক্তা ফোরামে মামলা খারিজ করা যায় না। অন্য কোনও আইনি প্রতিকার থাকলেও উপভোক্তা ফোরামে অভিযোগ জানানোর অধিকার অক্ষুণ্ণ থাকে। এই রায়কে ফ্ল্যাট ক্রেতাদের অধিকারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন