31.7 C
Kolkata
Saturday, June 27, 2026
spot_img

দলের ওপর ভরসা নেই’—বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্কের ঝড়!

Aaj India Desk, বাঁকুড়া : একটি পোস্ট ঘিরেই তোলপাড় রাজ্যের রাজনৈতিক মহল। দলের বিরুদ্ধে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ, এমনকি রাজনীতি ছাড়ার ইঙ্গিত, সব মিলিয়ে ওন্দার বিজেপি বিধায়ক (BJP MLA) অমরনাথ শাখার নামে ছড়িয়ে পড়া বার্তা ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। পোস্টটি মুহূর্তে ভাইরাল হতেই রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে নানা জল্পনা। তৃনমূলের ভাঙনের তীব্রতা বিজেপির অন্দরমহলে পৌঁছেছে কিনা তা নিয়েও ওঠে প্রশ্ন।

কী ছিল ভাইরাল পোস্টে?

সম্প্রতি বিজেপি বিধায়ক (BJP MLA) অমরনাথ শাখার ফেসবুক প্রোফাইল থেকে একটি দীর্ঘ পোস্ট প্রকাশিত হয়। সেখানে লেখা হয়, দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং দলকে তা জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পোস্টে আরও দাবি করা হয়, দলের ওপর আর ভরসা নেই এবং এই ঘটনার শেষ না দেখে ছাড়া হবে না।

একই পোস্টে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিতও দিয়েছিলেন। সেই পোস্টে লেখা হয়, তিনি দলকে কখনও ব্ল্যাকমেল করেননি, অথচ যাঁরা তা করেন, তাঁরাই এখন প্রভাবশালী হয়ে উঠেছেন। শেষাংশে “ভালো তৃণমূলরাই দল চালাক” বলেও মন্তব্য করা হয়, যা সাম্প্রতিক তৃনমূল বিজেপির সাংগঠনিক পরিস্থিতিতে নতুন করে জল্পনার জন্ম দেয়। একজন বর্তমান বিজেপি বিধায়কের (BJP MLA) অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট প্রকাশ্যে আসতেই তা দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিরোধী শিবিরও বিষয়টি নিয়ে কটাক্ষ শুরু করে।

আসল ঘটনা কি ? 

পোস্টটি ভাইরাল হতেই নিজের অবস্থান স্পষ্ট করেন অমরনাথ। তিনি জানান, তিনি এমন কোনও পোস্ট করেননি এবং বিষয়টি তাঁর নজরে আসার পর তিনিও বিস্মিত হয়েছেন। বিধায়কের কথায়, “আমি সমাজমাধ্যমে এই ধরনের কোনও পোস্ট করিনি। এই বিষয়ে আমি কিছুই জানি না। বিষয়টি নজরে আসতেই আমি অবাক হয়ে যাই। আমিও সবেমাত্র এই পোস্টটি দেখলাম।”

বিধায়কের দাবি সামনে আসার পর রাজনৈতিক মহলের একাংশের অনুমান, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকতে পারে। আবার কারও মতে, তাঁর অজান্তে প্রোফাইল ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। অমরনাথ শাখা জানিয়েছেন, তিনি গোটা ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং সাইবার অপরাধের অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন। এবার পোস্টটি কারা করেছে এবং এর নেপথ্যে সাইবার হামলা নাকি অন্য কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছে সাইবার নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন