OPINION PIECE
বিজেপি ক্ষমতায় আসতেই অশান্তি, উস্কানিমূলক মন্তব্য, দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে জোরদার ‘অ্যাকশন’ শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন কাউকে ছাড়া হবে না! তৃণমূলের ‘অসাধু’ নেতা-মন্ত্রী-কর্মীদের ধরপাকড়, কোমরে দড়ি পড়ে পর্যন্ত ঘোরানো হচ্ছে। কিন্তু এসবের মধ্যেও বারংবার ‘উস্কানিমূলক’ মন্তব্য করে পার পেয়ে যাচ্ছেন আম জনতা উন্নয়ন পার্টির চিফ তথা বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)।
প্রাক্তন শাসকদল থেকে বহিষ্কৃত হয়েও ছাব্বিশের ভোটে দুই কেন্দ্রে জিতেছেন হুমায়ুন। কিন্তু মঞ্চে দাঁড়িয়ে বেলাগাম মন্তব্যে রাশ টানতে পারেননি আম জনতা উন্নয়ন পার্টির চিফ! এর আগে ‘হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব’ বলেছিলেন হুমায়ুন (Humayun Kabir)। তবে তাঁর বিরুদ্ধে কোনও অ্যাকশন নেয়নি ‘হিন্দুত্ববাদী’ বিজেপি সরকার! সম্প্রতি ফের ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার রেজিনগরের কাশীপুরে একটি জনসভায় হুমায়ুন (Humayun Kabir) বলেন, “স্যাটাভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না।” তাঁর আরও চ্যালেঞ্জ, ‘‘কেস হবে? ওরকম কেস আমাদের বিরুদ্ধে অনেক আছে।” যেখানে রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, 2026’ বিল আনতে চাইছে বিজেপি সরকার, সেখানে ভোটে দুই কেন্দ্রে জিতে আসা একজন জনপ্রতিনিধি মঞ্চে দাঁড়িয়ে কীভাবে লাগাতার বেলাগাম মন্তব্য করে যাচ্ছেন?
এর আগেও হুমায়ুন কবীরের (Humayun Kabir) একাধিক মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। বিরোধীদের অভিযোগ, তাঁর বক্তব্যে বারবার ধর্মীয় উত্তেজনা ছড়ানোর ইঙ্গিত থাকে। সেই কারণেই প্রশ্ন উঠছে, নতুন সরকার যখন কঠোর আইন প্রয়োগ এবং ‘জিরো টলারেন্স’-এর বার্তা দিচ্ছে, তখন একজন জনপ্রতিনিধির এমন মন্তব্যের ক্ষেত্রে প্রশাসন কী পদক্ষেপ করবে?
রাজনৈতিক বিশেষজ্ঞ মহল থেকে ইতিমধ্যেই হুমায়ুনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার দাবী উঠছে। এখন নজর, হুমায়ুন কবীরের (Humayun Kabir) সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে কোনও মামলা দায়ের করে কি না, অথবা অভিযোগ পেলে তদন্ত শুরু করে কি না। সেই পদক্ষেপই স্পষ্ট করবে, রাজ্যের ঘোষিত ‘আইনের শাসন’ নীতি বাস্তবে কীভাবে প্রয়োগ হচ্ছে।


