Aaj India Desk, কলকাতা : কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি (OSD) কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে এসআইটি (SIT) গ্রেপ্তার করার পর এবার সরাসরি প্রাক্তন মন্ত্রীকে নিশানা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁর প্রশ্ন, যদি ওএসডিকে গ্রেপ্তার করা হয়, তবে সেই সময় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর ভূমিকাও তদন্তের আওতায় আসা উচিত।
কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে নাম না নিয়েই প্রাক্তন পুর মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেন, “কালী OSD ছিলেন ঠিকই, কিন্তু ওঁর কথাই নাকি শেষ কথা ছিল। তাঁকে যদি ধরা হয়, তাহলে সেই সময় যে মন্ত্রী দায়িত্বে ছিলেন, যাঁর সই ছিল, তাঁকে কেন ধরা হবে না? যাঁরা জড়িত, তিনি যে-ই হোন না কেন, কাউকেই ছাড়া হবে না।”
উল্লেখ্য, তারাতলার দুর্ঘটনার পর বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভার নির্মাণ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রসঙ্গ তুলে মন্তব্য করেছিলেন, “KMC-তে কী হয়েছে আমরা জানি না? আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে।” ওই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই রাতে এসআইটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে।
কালীচরণ বন্দ্যোপাধ্যায় পেশায় একজন WBCS অফিসার। ফিরহাদ হাকিম মেয়র থাকাকালীন তাঁর অফিসার অন স্পেশ্যাল ডিউটি (OSD) হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি। প্রশাসনিক নানা গুরুত্বপূর্ণ ফাইল ও সিদ্ধান্তের ক্ষেত্রে তাঁর প্রভাব ছিল বলেও পুরসভার একাংশের দাবি। কর্মজীবনে তিনি রাজ্য প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরে কলকাতা পুরসভার ৯ নম্বর বরোতে যোগ দেন। সেই সময় ওই বরোর চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম।
এসআইটি এখন কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুরসভার বিভিন্ন সিদ্ধান্ত, অনুমোদন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছে। তদন্তের অগ্রগতির উপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তদন্তকারী সূত্রের ইঙ্গিত। তারাতলার গোডাউন বিপর্যয়ে ১৫ জনের মৃত্যু ও ১৮ জন আহত হওয়ার ঘটনার পর নির্মাণ, অনুমোদন এবং প্রশাসনিক দায়িত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। এই আবহেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার এবং অগ্নিমিত্রা পালের এই মন্তব্য রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে।


