স্নেহা পাল, কলকাতা : প্রায় দু’মাস পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য বাজেটকে (State Budget 2026-27) ঘিরে বাড়ছে জল্পনা। আগামী ২ ফেব্রুয়ারি তৃণমুল সরকারের তৃতীয় মেয়াদের শেষ বাজেট পেশ হওয়ার কথা। তাতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি এবং সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল।
বিশেষজ্ঞদের মতে, এবারের বাজেটে (State Budget 2026-27) DA বৃদ্ধি অন্যতম প্রধান বিষয় হতে চলেছে। গত কয়েক বছরে দেখা গেছে, বাজেট পেশের সময়েই DA বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালে ৩ শতাংশ, ২০২৪ ও ২০২৫ সালে ৪ শতাংশ করে ডিএ বাড়ানো হয়েছিল। এইবছরেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।
কেন্দ্র ও রাজ্যের DA ফারাক ঘিরে ক্ষোভ
বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) আওতায় রাজ্য সরকারি কর্মচারীরা ১৮ শতাংশ DA পাচ্ছেন। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীনে ৫৮ শতাংশ DA পাচ্ছেন। এই ব্যবধান নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। এমন পরিস্থিতিতে আগামী বাজেটে অন্তত এক কিস্তি হলেও, DA বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও রাজ্য সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
বাজেটেই সপ্তম বেতন কমিশনের ঘোষণা? বাড়ছে প্রত্যাশা
এদিকে, সপ্তম বেতন কমিশন (7th pay commission) গঠন নিয়েও জল্পনা তুঙ্গে। পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল ২০১৫ সালের নভেম্বর মাসে। দশ বছর পার হওয়ায়, চলতি বছরেই নতুন পে কমিশন গঠনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।
DA এর দাবিতে কর্মচারী সমাবেশ
DA এবং পে কমিশনের দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ আগামীকাল কলকাতার শহিদ মিনারে সমাবেশের ডাক দিয়েছে। সংগঠনের দাবি, সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী DA প্রদান, বকেয়া মেটানো এবং কেন্দ্রীয় হারে DA দেওয়ার স্থায়ী নির্দেশ জারি করতে হবে।
নির্বাচনের আগে শেষ বাজেট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কতটা স্বস্তি আনতে পারে, সেদিকেই এখন তাকিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহল।


