Aaj India Desk, কলকাতা: কলকাতার লেকটাউন মোড়ে থাকা ৭০ ফুট উঁচু লিওনেল মেসি (Lionel Messi)- র মূর্তি একসময় ছিল ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণ। তবে নিরাপত্তার কারণে সম্প্রতি সেটি ক্রেনের সাহায্যে নামিয়ে ফেলা হয়। এরপর থেকেই অনেক মেসিভক্তের মন খারাপ ছিল। কিন্তু সেই আক্ষেপ বেশিদিন স্থায়ী হল না। কারণ কলকাতার মূর্তি নামার কয়েক দিনের মধ্যেই আর্জেন্টিনার পাটাগোনিয়ায় উঠে গেল আরও বড়, আরও বিশাল এক মেসি-মূর্তি।
আর্জেন্টিনার তেলসমৃদ্ধ শহর কুত্রাল কো-তে ১৬ জুন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে ৮৫ ফুট উচ্চতার এই মূর্তি। প্রায় ৭০ টন স্টিল দিয়ে তৈরি এই ভাস্কর্যের উচ্চতা সাড়ে ২৫ মিটার, যা লেকটাউনের মূর্তির চেয়ে প্রায় ১৫ ফুট বেশি। ফলে এটিই এখন বিশ্বের অন্যতম বৃহত্তম মেসি-মূর্তি হিসেবে পরিচিতি পেয়েছে।
মূর্তিটি তৈরি করেছেন ৬১ বছরের ভাস্কর আলদো বেরোইসা। তাঁর দাবি, এটি শুধু একটি শিল্পকর্ম নয়, বরং আর্জেন্টিনার গর্বের প্রতীক। মূর্তিতে মেসিকে দাঁড়ানো অবস্থায় নয়, বরং হাঁটু গেড়ে বসা অবস্থায় দেখানো হয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর লুসাইল স্টেডিয়ামে মেসির সেই বিখ্যাত আবেগঘন মুহূর্তকেই তুলে ধরা হয়েছে এখানে। এক হাতে জার্সি, অন্য হাতের তর্জনী আকাশের দিকে প্রয়াত দিদিমার স্মৃতির উদ্দেশে।
এই বিশাল ভাস্কর্য তৈরি করতে প্রায় ১৮ মাস সময় লেগেছে। মূর্তি উন্মোচনের পর থেকেই কুত্রাল কো-তে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। অন্যদিকে, কলকাতার লেকটাউনের মূর্তিটি ভেঙে ফেলা হয়নি বলে জানিয়েছে প্রশাসন। সেটিকে অন্য একটি নিরাপদ স্থানে সরিয়ে রাখা হবে।
মাঠে যেমন রেকর্ড গড়ে চলেছেন মেসি, তেমনই মাঠের বাইরেও তাঁর জনপ্রিয়তা যেন আকাশছোঁয়া। কলকাতা থেকে পাটাগোনিয়া মেসিকে ঘিরে উন্মাদনা যে এখনও তুঙ্গে, তা আরও একবার প্রমাণ হল।


