Aaj India Desk, কলকাতা : এক মুহূর্তে বদলে গিয়েছে কর্মব্যস্ত নির্মাণস্থলের ছবি। বুধবার দুপুরে তারাতলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ গোডাউনের ছাদ ও লোহার কাঠামো। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বহু শ্রমিক। ঘটনায় উদ্ধারকাজে নেমেছে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। গত তিন ঘণ্টায় উদ্ধার করা হয়েছে ১৩ জন শ্রমিককে। ঘটনার বীভৎসতায় আতঙ্কিত এলাকাবাসী। (Taratala Incident)
এখনও আটকে কতজন?
নির্মাণকাজ চলাকালীন হঠাৎই বিশাল লোহার কাঠামো এবং কংক্রিটের অংশ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধুলোয় ঢেকে যায়। সেই সময় শেডের নিচে বহু শ্রমিক কাজ করছিলেন। তাঁদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দাদের একাংশের আশঙ্কা, ভিতরে এখনও ৫০ থেকে ৬০ জন পর্যন্ত শ্রমিক আটকে থাকতে পারেন। যদিও প্রশাসনের তরফে এখনও আটকে পড়া ব্যক্তির সঠিক সংখ্যা নিশ্চিত করা হয়নি। (Taratala Incident)
ধ্বংসস্তূপের ভিতর থেকে কাতর আর্তনাদ
দুর্ঘটনার পর থেকে ধ্বংসস্তূপের ভিতর থেকে মাঝে মাঝেই আর্তনাদ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজন আটকে থাকা শ্রমিক হাত বের করে সাহায্যের আবেদনও করেছেন।
বর্তমানে একাধিক দমকল ইঞ্জিন, কলকাতা পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। লোহার ভারী কাঠামো সরাতে গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ক্রেন, আর্থমুভার এবং অন্যান্য ভারী যন্ত্রের সাহায্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। আটকে থাকা শ্রমিকদের দ্রুত বের করে আনার জন্য আলাদা উদ্ধারপথও তৈরি করা হয়েছে। উদ্ধারকারীরা মাইকিং করে ভিতরে আটকে থাকা ব্যক্তিদের আশ্বস্ত করছেন। বাইরে থেকে তাঁদের নাম ধরে ডেকে সাড়া পাওয়ারও চেষ্টা চলছে। (Taratala Incident)
অন্যদিকে দুর্ঘটনায় উদ্ধার করতে পারা আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে এলাকায় একের পর এক অ্যাম্বুল্যান্স আনা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা চলছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার ব্যবস্থার সমন্বয় করা হচ্ছে। তবে ঘটনার পর তিন ঘণ্টা পার হয়ে গেলেও এখনও বিপুল সংখ্যক শ্রমিকদের ভিতরে আটকা পড়ে থাকার সম্ভাবনায় বাড়ছে উদ্বেগ।


