Aaj India Desk, কলকাতা: বাংলায় বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর আজ, মঙ্গলবার বিধানসভায় (Legislative Assembly) গুরুত্বপূর্ণ দিন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিধানসভায় নিজের সরকারের ভাবনা ও প্রশাসনিক রূপরেখা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সূত্রের খবর, এই বক্তৃতা শুধুমাত্র সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই সীমাবদ্ধ থাকবে না। বরং গত ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের সময় বিভিন্ন দফতরে কী ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই সম্পর্কেও একাধিক নথি ও তথ্য তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী।
এর আগে স্পিকার নির্বাচনের দিন শুভেন্দু অধিকারী বিধানসভায় বক্তব্য রাখলেও, তা মূলত পরিষদীয় বিষয়েই সীমাবদ্ধ ছিল। তবে গত কয়েক সপ্তাহে তিনি বিভিন্ন সরকারি দফতরের পুরনো ফাইল, অডিট রিপোর্ট এবং প্রশাসনিক নথি খুঁটিয়ে দেখেছেন বলে দাবি করা হচ্ছে। সেই সব তথ্যের ভিত্তিতেই এদিন তিনি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে পারেন।
রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূলে থাকার সময় থেকেই শুভেন্দু অধিকারীর সঙ্গে অনেক সিনিয়র আইএএস ও পুলিশ আধিকারিকের যোগাযোগ ছিল। সেই কারণে আগের সরকারের নানা প্রশাসনিক সিদ্ধান্ত ও অভিযোগ সম্পর্কে তাঁর কিছু ধারণা আগে থেকেই ছিল বলেও মনে করা হচ্ছে।
আজ বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের জবাব দেবেন মুখ্যমন্ত্রী। বিকেল সাড়ে ৪টা নাগাদ তাঁর বক্তৃতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, এদিন শুধু তোলাবাজি, সিন্ডিকেট রাজ বা কয়লা ও গরু পাচারের মতো পরিচিত অভিযোগই নয়, বরং আগের সরকারের সময়ে প্রশাসনিক স্তরে কীভাবে দুর্নীতির অভিযোগ তৈরি হয়েছিল, সেই বিষয়েও বিস্তারিত বক্তব্য রাখতে পারেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্যে যেসব বিষয় উঠে আসতে পারে বলে জল্পনা চলছে, তার মধ্যে রয়েছে—
• বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পে ভুয়ো উপভোক্তার নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ।
• ১০০ দিনের কাজ প্রকল্পে ভুয়ো জব কার্ড তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ।
• আবাস যোজনায় প্রকৃত উপভোক্তাদের বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ।
• সরকারি অর্থের অপচয়, বিশেষ করে বিদেশ সফর ও সরকারি অনুষ্ঠানে অতিরিক্ত ব্যয়ের অভিযোগ।
• সরকারি জমি ও মূল্যবান সম্পত্তি নিয়ম ভেঙে পছন্দের ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ।
এখন নজর বিকেল সাড়ে ৪টার দিকে। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে ঠিক কোন কোন নথি ও তথ্য প্রকাশ করেন, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা।


