Aaj India Desk,কলকাতা: রাজ্যে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে নিয়োগ না হওয়ায় স্কুল, কলেজ ও বিভিন্ন সরকারি দফতরে ব্যাপক শূন্যপদ তৈরি হয়েছিল। সেই অভিযোগের মধ্যেই অবশেষে বড় ঘোষণা করল নতুন সরকার। পালাবদলের পর প্রথম বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি চাকরিতে বিপুল নিয়োগের ঘোষণা করেন।
রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে মোট ১ লক্ষ শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে ৩৩ শতাংশ পদ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য, যা নারী ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সরকারের তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে থাকা কর্মী ঘাটতি দূর করতেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
বিভাগভিত্তিক নিয়োগের তালিকায় ২০ হাজার পদ থাকবে পুলিশ বিভাগে। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও বড় নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে ৫০ হাজার শিক্ষক, অধ্যাপক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। এছাড়া ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে ১ হাজার পদ পূরণের কথা ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যেখানে সুযোগ থাকবে সেখানে ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।
শিক্ষা ও কর্মসংস্থানের পাশাপাশি বাজেটে মহিলাদের ক্ষমতায়নের উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার পাশাপাশি কলেজ ছাত্রী ও গর্ভবতী মহিলাদের জন্য একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সরকারের দাবি, এই বাজেট শুধু কর্মসংস্থান নয়, সামগ্রিক সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নের রোডম্যাপ হিসেবেও কাজ করবে।


