Aaj India Desk, কলকাতা: ১২তম আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতা Kolkata)-র রেড রোডে (Red Road) আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। নির্ধারিত সময় অনুযায়ী ভোর সাড়ে ৬টা নাগাদ (তিনি অনুষ্ঠানে পৌঁছন। প্রায় ৩৫ হাজার মানুষের উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী যোগচর্চার প্রয়োজনীয়তা এবং এর উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও কলকাতার ভূয়সী প্রশংসাও করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আজ বিশ্বের অসংখ্য দেশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে। গত কয়েক বছরে ২১ জুন শুধু একটি দিন নয়, বরং বিশ্বজুড়ে স্বাস্থ্য ও সুস্থতার এক বড় উৎসবে পরিণত হয়েছে। কলকাতায় প্রথমবার এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। তাঁর কথায়, এই কর্মসূচির জন্য পশ্চিমবঙ্গের চেয়ে উপযুক্ত জায়গা আর হতে পারত না। কলকাতার মানুষ আন্তরিকভাবে তাঁকে স্বাগত জানিয়েছেন এবং অনুষ্ঠান সফল করতে সবাই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বক্তৃতায় প্রধানমন্ত্রী বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যের কথাও তুলে ধরেন। তিনি বলেন, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ ও ঋষি অরবিন্দের মতো মনীষীরা যোগ ও আধ্যাত্মিকতার বার্তা দেশ-বিদেশে ছড়িয়ে দিয়েছেন। স্বামী বিবেকানন্দের হাত ধরেই বিশ্বের সামনে ভারতের যোগচর্চার গুরুত্ব আরও স্পষ্টভাবে পৌঁছে গিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত যোগাভ্যাসের উপর জোর দিয়ে মোদী বলেন, বয়স বাড়লেও শরীর ও মনকে সুস্থ রাখতে যোগের জুড়ি নেই। তাঁর মতে, নিয়মিত যোগ করলে ৪০ বছর বয়সেও ২০ বছরের মতো ফিট থাকা, ৫০ বছরেও ৩০ বছরের মতো কর্মশক্তি বজায় রাখা এবং ৭০ বছরেও নিজেকে অনেক বেশি সতেজ অনুভব করা সম্ভব।
প্রধানমন্ত্রীর আগে মঞ্চে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, এতদিন রাজ্য সরকারের উদ্যোগে যোগ দিবস নিয়ে তেমন বড় কোনও আয়োজন দেখা যায়নি। অথচ যোগচর্চা বাংলার বহু পুরনো ঐতিহ্যের অংশ। সময়ের সঙ্গে সেই চর্চা অনেকটাই হারিয়ে গিয়েছিল। সেই ঐতিহ্যকে নতুন করে মানুষের মধ্যে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগের প্রশংসা করেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, যোগ এখন শুধু ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও দেশের পরিচিতি বাড়িয়েছে। বিশ্বমঞ্চে যোগকে প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রীর ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। একইসঙ্গে তিনি বলেন, সুস্থ শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য নিয়মিত যোগাভ্যাস অত্যন্ত প্রয়োজনীয়।


