Aaj India Desk, কলকাতা: আরজি কর (RGKar) মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে নতুন মোড়। আগেই সাসপেন্ড (Suspend) হয়েছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Binit Goyal)। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই (CBI)। শুধু বিনীত গোয়েল নন, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তা এবং তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কেও ডেকে পাঠানো হয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, দু’জনই ইতিমধ্যে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন। তাঁদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে এবং বয়ানও রেকর্ড করা হয়েছে।
আরজি কর কাণ্ডে তদন্তে গাফিলতি, মৃতার পরিবারকে প্রভাবিত করার চেষ্টা এবং একাধিক অনিয়মের অভিযোগে বিনীত গোয়েল-সহ তিনজন শীর্ষ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছিল রাজ্য সরকার। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়।
এদিকে মামলার তদন্ত এগোতেই বুধবার পানিহাটি শ্মশানে পৌঁছয় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (সিট)। ২০২৪ সালের ৯ আগস্ট সেখানেই মৃত চিকিৎসকের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। পরিবারের অভিযোগ, অত্যন্ত তাড়াহুড়ো করে দাহকার্য সম্পন্ন করা হয়েছিল। কেন এমন তাড়াহুড়ো করা হয়েছিল এবং এর পিছনে কারা ছিলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শ্মশানে যায় তদন্তকারী দল।
মৃত চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেন, সেদিন শ্মশানে আরও তিনটি মৃতদেহ থাকা সত্ত্বেও তাঁর মেয়ের দেহ আগে দাহ করা হয়। তাঁর দাবি, পুরো বিষয়টি পরিবারের কাউকে সঠিকভাবে জানানো হয়নি। দাহকার্যের নথিতে কারা সই করেছিলেন, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার পুনর্তদন্তের জন্য নতুন সিট গঠন করা হয়েছে। সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে তিন সদস্যের এই দল কাজ করছে। আগামী ২৫ জুন মামলার পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার কথা রয়েছে।


