33.3 C
Kolkata
Wednesday, June 17, 2026
spot_img

পথ বন্ধ রেখে অনুষ্ঠান? যোগ দিবসের কর্মকাণ্ড ঘিরে জোড়া মামলা!

Aaj India Desk, কলকাতা : আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে আগামী ২১ জুন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিকে কেন্দ্র করে সাজ সাজ রব রাজ্যে। তবে অনুষ্ঠান শুরুর আগেই রেড রোডে যান নিয়ন্ত্রণ এবং সরকারি কর্মীদের যোগ দিবসে অংশগ্রহণ বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এবার সেই নির্দেশ ঘিরেই দায়ের হয়েছে জোড়া মামলা। এর জেরে যোগ দিবসের প্রস্তুতিতেও তৈরি হয়েছে আইনি জটিলতা।

যোগ দিবসের (International Yoga Day) প্রস্তুতির জন্য রেড রোড ও সংলগ্ন এলাকায় যান চলাচলে ৭ দিনের বিধিনিষেধ আরোপ করেছে কলকাতা পুলিশ। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ তুলে একটি আইনজীবী সংগঠন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে। আবেদনকারীদের দাবি, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ সময় ধরে বিধিনিষেধ আরোপের ফলে নিত্যযাত্রীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি নিয়ে দ্রুত শুনানির আবেদনও জানানো হয়েছে আদালতে।

আরেকটি পৃথক মামলা করা হয়েছে রাজ্য সরকারের একটি নির্দেশিকাকে কেন্দ্র করে। গত ১৪ জুন মুখ্যসচিবের দপ্তর থেকে জারি হওয়া নির্দেশে সরকারি কর্মীদের আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি নির্দেশিকায় পরোক্ষ হুমকি দেওয়া হয়েছে যে নির্ধারিত সময়ে এই কর্মসূচিতে উপস্থিত না হলে সংশ্লিষ্ট কর্মীরা আইনি বা প্রশাসনিক ‘বিপদে’ পড়তে পারেন। এই নির্দেশের বিরোধিতা করে সরকারি কর্মচারীদের বামপন্থী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সংগঠনের দাবি, যোগ দিবসে অংশগ্রহণ স্বেচ্ছামূলক হওয়া উচিত, বাধ্যতামূলক নয়। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে এই দিনটি পালন করে কেন্দ্রীয় সরকার। গত কয়েক বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন শহরে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এ বছর সেই তালিকায় যুক্ত হয়েছে কলকাতা। ফলে অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি থেকে কলকাতায় আসবেন তিনি। সেই অনুষ্ঠানের আগে ২০ জুন গঙ্গাবক্ষে শতাধিক নৌকায় বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরপর ২১ জুন কলকাতার রেড রোডে আয়োজিত হবে মূল অনুষ্ঠান। ফলে যোগ দিবসের আয়োজনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি অব্যাহত থাকলেও এই দুটি মামলার কারণে বিষয়টি এখন আইনি জটিলতার কেন্দ্রে চলে এসেছে। রেড রোডে যান নিয়ন্ত্রণ এবং সরকারি কর্মীদের অংশগ্রহণ সংক্রান্ত নির্দেশিকা নিয়ে আদালত কী পর্যবেক্ষণ দেয়, তার দিকেই নজর থাকবে প্রশাসন, আবেদনকারী পক্ষ এবং সাধারণ মানুষের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন