Aaj India Desk,কলকাতা:হকার উচ্ছেদ ইস্যুকে কেন্দ্র করে আজ অর্থাৎ বুধবার কলকাতার ধর্মতলায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলের নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন। বিকেল ৩টায় ধর্মতলায় কেশব দাসের মূর্তির সামনে থেকে সভা শুরু হওয়ার কথা।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় হকারদের জোর করে উচ্ছেদ করা হচ্ছে। এর ফলে বহু মানুষের রুজি-রুটি বিপদের মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে ফুটপাত বা রাস্তার ধারে ছোট দোকান করে যাঁরা সংসার চালান, তাঁদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে উঠছে বলে দাবি দলের।তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, হকারদের জীবিকা রক্ষা করা অত্যন্ত জরুরি। তাই এই আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয় বরং সাধারণ মানুষের জীবন-জীবিকার প্রশ্নও। দলের দাবি, উচ্ছেদ অভিযানের আগে হকারদের সঙ্গে আলোচনা করা উচিত এবং আইনি নিয়ম মেনেই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
এই কর্মসূচিতে হকারদেরও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তৃণমূল। দলের একাংশের দাবি, সাম্প্রতিক উচ্ছেদ অভিযান ঘিরে শহরের হকারদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। সেই আবহে ধর্মতলার এই সভাকে সংগঠনের শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবেও দেখা হচ্ছে।
এর আগেও এই ইস্যুতে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। তাঁর অভিযোগ, মানুষের বক্তব্য শোনার সুযোগ না দিয়েই একতরফাভাবে উচ্ছেদ করা হচ্ছে। কোনও নির্মাণ বেআইনি বা ত্রুটিপূর্ণ হলে আইন অনুযায়ী জরিমানা বা সংশোধনের সুযোগ দেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
অনেকে মতে, শহরের হকারদের পাশে থাকার বার্তা দিতেই এবার ফের রাজপথে নামছে তৃণমূল। বুধবারের এই সভা থেকে দলের পরবর্তী আন্দোলনের রূপরেখাও স্পষ্ট হতে পারে।


