Aaj India Desk, কলকাতা: রাজ্যজুড়ে ডিমের চাহিদা (Eggs Demand) বেড়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দামও (Price)। অনেকেই মজা করে বলছেন, এখন নাকি পচা ডিমের (Rotten Egg) ও আলাদা কদর! তবে হাসি-ঠাট্টার আড়ালে সাধারণ মানুষের চিন্তা কিন্তু বাড়ছেই। কারণ গত দু’সপ্তাহে ডিমের দাম এমনভাবে বেড়েছে যে মধ্যবিত্তের সংসারের বাজেটেও তার প্রভাব পড়তে শুরু করেছে।
বাজারে গিয়ে ক্রেতারা দেখছেন, আগে যে ডিম ৬ থেকে সাড়ে ৬ টাকায় মিলত, এখন সেই ডিম কিনতে খরচ করতে হচ্ছে ৭ থেকে সাড়ে ৭ টাকা। শুধু খুচরো ডিমই নয়, ট্রে-পিছু দামও অনেকটা বেড়েছে। দু’সপ্তাহ আগেও একটি ট্রে ডিমের দাম ছিল ১৮০ থেকে ১৮৫ টাকার মধ্যে। বর্তমানে সেই একই ট্রে বিক্রি হচ্ছে প্রায় ২১০ টাকায়।
অনেকের মতে, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচিতে ডিম ছোড়ার ঘটনা বাড়ায় ডিমের চাহিদাও বেড়েছে। ফলে বাজারে তার প্রভাব পড়ছে। আবার অন্য একাংশের দাবি, দীর্ঘদিনের তীব্র গরমের কারণে মুরগির খামারে ডিম উৎপাদন কমে গিয়েছে। সেই কারণেই বাজারে সরবরাহ কম এবং দাম বেড়ে চলেছে। ডিম কিনতে আসা ক্রেতা বলেন, “ঠিক কী কারণে দাম এত বাড়ছে সেটা বুঝতে পারছি না। অনেকেই মজা করে বলছেন, এখন পচা ডিমেরও চাহিদা বেড়েছে। তবে আমার মনে হয় গরমের জন্য ডিম উৎপাদন কমে যাওয়াটাও বড় কারণ হতে পারে।”
অন্যদিকে এক ডিম ব্যবসায়ীর বক্তব্য, “কয়েকদিন আগেও ট্রে-পিছু দাম অনেক কম ছিল। এখন ২০০ টাকার গণ্ডি পেরিয়ে গেছে। আগে যে ডিম ৬ টাকায় বিক্রি হত, এখন সেটাই সাড়ে ৭ টাকা পর্যন্ত পৌঁছেছে। বাজারে ডিমের জোগান কমে গিয়েছে বলেই এই পরিস্থিতি। ডিম ছোড়ার ঘটনাকে সবাই কারণ হিসেবে দেখলেও আমি তা মনে করি না। আসল কারণ হল উৎপাদন কমে যাওয়া। অনেক নতুন মুরগি এখন খামারে রয়েছে, কিন্তু তারা এখনও পুরোপুরি ডিম দেওয়া শুরু করেনি। ফলে বাজারে সামগ্রিকভাবে ডিমের ঘাটতি তৈরি হয়েছে। সাধারণত এই সময় এতটা দাম বাড়ে না, কিন্তু এ বছর পরিস্থিতি আলাদা।”


