Aaj lndia Desk,কলকাতা: রাজ্যের সরকারি গ্রন্থাগারগুলিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ (Gourishankar Ghosh)। তিনি দাবি করেছেন, রাজ্যের বিভিন্ন লাইব্রেরি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)- এর লেখা বই সরিয়ে তার পরিবর্তে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মনীষীদের বই রাখা হবে। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।
গৌরীশঙ্কর ঘোষ বলেন, বাংলার সংস্কৃতি ও পাঠাভ্যাসকে পুনরুজ্জীবিত করতে হলে গ্রন্থাগারগুলিতে ক্লাসিক সাহিত্য এবং মনীষীদের রচনার গুরুত্ব বাড়াতে হবে। তাঁর মতে, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানোর জন্য এই উদ্যোগ প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বই পড়ে বাংলার কী অবস্থা হয়েছে, তা সবাই দেখতে পাচ্ছেন। তাই লাইব্রেরিতে এমন বই রাখতে হবে, যা সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।” তিনি অভিযোগ করেন, বর্তমানে রাজ্যে গণতন্ত্র ও বিচারব্যবস্থা সংকটের মুখে এবং বেকারত্বও বেড়েছে। এই পরিস্থিতির জন্য তিনি রাজ্যের প্রাক্তন ১৫ বছরের শাসকদলের নীতিকেই দায়ী করেন।
এদিন রাজ্যের গ্রন্থাগার ব্যবস্থার উন্নয়ন নিয়েও একাধিক ঘোষণা করেন মন্ত্রী। তিনি জানান, দীর্ঘদিন ধরে লাইব্রেরিগুলিতে যে কর্মী সংকট রয়েছে, তা দূর করতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। পাশাপাশি আধুনিক পরিষেবা চালু করা এবং বইয়ের সংগ্রহ সমৃদ্ধ করার দিকেও জোর দেওয়া হবে।
গৌরীশঙ্কর ঘোষের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।


