Aaj lndia Desk,ভুবনেশ্বর : ভুবনেশ্বর (Bhubaneswar) -এ অল্পের জন্য এড়াল বড়সড় রেল দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে একই ট্র্যাকে দুটি ট্রেন মুখোমুখি চলে আসে । শেষ মুহূর্তে ব্রেক কষে দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। যাত্রীদের একাংশের দাবি, কয়েক সেকেন্ডের এদিক-ওদিক হলেই ভয়াবহ বিপর্যয় ঘটতে পারত। ফলে ফের একবার সামনে চলে এসেছে রেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
রেল সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বর রেল স্টেশনের কাছে ঝাড়পাড়া ওভারব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। একটি ট্রেন ছিল কোনার্ক এক্সপ্রেস। অপর ট্রেনটির পরিচয় এখনও স্পষ্টভাবে জানা যায়নি। কীভাবে দুটি ট্রেন একই লাইনে চলে এল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে সামনে আসা ছবিতে দেখা গিয়েছে, দুটি ট্রেন খুব কাছাকাছি দূরত্বে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শেষ মুহূর্তে চালকদের তৎপরতা এবং জরুরি ব্রেক প্রয়োগের ফলেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে ট্রেন দুটির মধ্যে আদৌ কোনও সংঘর্ষ হয়েছিল কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি রেল কর্তৃপক্ষ।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বহু যাত্রী ২০২৩ সালের বালাসোরের করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি মনে করে উদ্বেগ প্রকাশ করেন। ওই দুর্ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন। তাই ভুবনেশ্বরের এই ঘটনাকে ঘিরে উদ্বেগ আবারও বেড়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সিনিয়র রেল আধিকারিক এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞদের দল। সিগন্যালিং ব্যবস্থার কোনও ত্রুটি ছিল কি না, নাকি মানবিক ভুলের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে অল্পের জন্য বড় বিপর্যয় এড়ানোয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যাত্রীরা।


