Aaj India Desk, হুগলি : অভিষেক ব্যানার্জির উপর ডিম ছুঁড়ে প্রতিবাদ করার পর থেকেই যেন ভয়ে সিঁটিয়ে আছেন তৃনমূল নেতারা। জনতার এই বিক্ষোভের আতঙ্কের জেরে বাতিল হয়েছে তৃনমূল কংগ্রেসের দলীয় বৈঠকও। কিন্তু তাতেও রক্ষা নেই। রবিবার হুগলির শ্রীরামপুরে সশরীরে না পেলেও তৃনমূল কাউন্সিলরের (TMC Councillor) পোস্টার তৈরি করে তার উপরেই চলল ডিমবৃষ্টি। শ্রীরামপুর পুরসভার সামনেই একাধিক অভিযোগ তুলে নিজেদের ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা।
কী অভিযোগ উঠেছে?
স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় ভয় ও প্রভাবের রাজনীতি চলছে। পোস্টারে কাউন্সিলর (TMC Councillor) উত্তম রায়ের বিরুদ্ধে একাধিক বিয়ে, বিপুল সম্পত্তি এবং বিভিন্ন স্থানে বিলাসবহুল হোটেল ও বাড়ির মালিক হওয়ার অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি তাদের অভিযোগ, গত কয়েক বছরে তাঁর সম্পত্তির পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়েছে। জোরপূর্বক সম্পত্তি দখল এবং বিরোধীদের উপর চাপ সৃষ্টির অভিযোগও তোলা হয়েছে উত্তম রায়ের বিরুদ্ধে।
এই অভিযোগ নিয়েই রবিবার সকালে বিক্ষোভ করেন স্থানীয়রা। বিক্ষোভের মাঝে উত্তম রায়ের ছবি দেওয়া পোস্টারে ডিম ছুঁড়ে প্রতীকী প্রতিবাদ জানিয়ে অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন তাঁরা।স্থানীয়দের একাংশের বক্তব্য, অভিযোগগুলি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী সাহা জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁর কাছে এ বিষয়ে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে অভিযোগ এলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
অভিযোগ অস্বীকার কাউন্সিলরের
উল্লেখ্য, উত্তম রায় শ্রীরামপুর পুরসভার পরিচিত মুখ। তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রথমে ৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। পরে ৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়ে টানা চারবারের কাউন্সিলর (TMC Councillor) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকার রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই তাঁর প্রভাব রয়েছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিকে সরাসরি অস্বীকার করেছেন উত্তম রায়। তাঁর দাবি, তিনি আইন মেনেই সমস্ত কাজ করেছেন। কারও কোনও অভিযোগ থাকলে আইনানুগ পথে তা জানানো যেতে পারে। তাঁর আরও বক্তব্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।


