Aaj lndia Desk,কলকাতা:আজ রবিবার বিকেলে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র বাসভবনে তৃণমূল দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে দলের ৮০ জন বিধায়ককে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তবে বৈঠক ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা।
শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee) আহত দলীয় কর্মীদের দেখতে বেলেঘাটা ও সোনারপুর সফর করেন। সোনারপুর সফরে সময় তাঁর সঙ্গে দলের কোনও নেতা বা জনপ্রতিনিধিকে দেখা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করেই দলের অন্দরে মতপার্থক্য ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলেই আশঙ্খা।
সূত্রের দাবি, সফরের আগে ও পরে একাধিক বিধায়ক এবং সাংসদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও অনেকেই নানা কারণে সাড়া দেননি। এমনকী সোনারপুরের ঘটনার প্রতিবাদে সামাজিক মাধ্যমে পোস্ট করার অনুরোধেও অধিকাংশ জনপ্রতিনিধি প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাননি বলে খবর।
যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কোনও ভাঙন বা অসন্তোষের অভিযোগ স্বীকার করা হয়নি। তবে অনেকে মতই, কালীঘাটের বৈঠকে বিধায়কদের উপস্থিতির হারই অনেক প্রশ্নের উত্তর দিতে পারে। দলের শীর্ষ নেতৃত্বের প্রতি জনপ্রতিনিধিদের সমর্থন কতটা অটুট রয়েছে, তারও একটি ইঙ্গিত মিলতে পারে এই বৈঠক থেকে।
অন্যদিকে, বিরোধী শিবির ইতিমধ্যেই এই পরিস্থিতিকে কেন্দ্র করে কটাক্ষ শুরু করেছে। তবে তৃণমূল নেতৃত্বদের দাবি, দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে এবং সমস্ত জল্পনার অবসান ঘটবে বৈঠকের পর।
এখন আপাতত নজর কালীঘাটের দিকে। রবিবারের বৈঠক শুধুই সাংগঠনিক আলোচনা হয়ে থাকবে, নাকি রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন কোনও বার্তা দেবে সেই উত্তর মিলবে খুব শিগগিরই।


