Aaj India Desk, কলকাতা: আগামীকাল রাজ্যে মন্ত্রিসভা সম্প্রসারণ (Cabinet Expansion) হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, শপথ গ্রহণ অনুষ্ঠানটি (Oath taking Ceremony) সকাল ১১টায় লোকভবনে (Lok Bhavan) আয়োজন করা হবে। অনুষ্ঠানে মোট ৪১ জন মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। এই তালিকায় একাধিক নতুন মুখ থাকার সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, কাল মন্ত্রিসভায় একাধিক নতুন মুখের পাশাপাশি কিছু পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বকেও জায়গা দেওয়া হতে পারে। এই তালিকায় উল্লেখযোগ্য নাম হিসেবে উঠে এসেছে অভয়ার মা অর্থাৎ, রত্না দেবনাথের নাম। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, তাঁকে মন্ত্রিত্ব দেওয়া হলে সামাজিক ও জনমুখী ইস্যুগুলিতে সরকারের অবস্থান আরও শক্তিশালী হতে পারে।
একই সঙ্গে আরেকটি বিশেষ নাম থাকতে পারে বলেও জানা যাচ্ছে। অভিনেত্রী থেকে রাজনীতিতে আসা রূপা গাঙ্গুলীও নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। তবে এই বিষয়ে সরকারিভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। ফলে পুরো বিষয়টি এখনো সম্ভাবনার পর্যায়ে রয়েছে। অন্যদিকে, তালিকায় সজল ঘোষ, তাপস রায়, শংকর ঘোষ এবং শ্বারদ্বত মুখার্জির মতো একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের নাম নিয়েও আলোচনা চলছে। তবে কারা শেষ পর্যন্ত মন্ত্রী হিসেবে শপথ নেবেন, তা স্পষ্ট হবে আগামীকালই।
রাজনৈতিক মহলের মতে, এত বড় সংখ্যায় একসঙ্গে মন্ত্রিসভা সম্প্রসারণ রাজ্যের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হতে পারে। তবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনে দেরির কারণ নিয়েও নানা প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, মন্ত্রী নির্বাচন নিয়ে দলের ভিতরে মতবিরোধ ও বিভিন্ন স্তরে টানাপোড়েন চলছিল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপেই পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।
এছাড়া আরও জানা যাচ্ছে, রাজ্যের সবদিককে গুরুত্ব দিয়েই নতুন মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম- সব অঞ্চল থেকেই প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন শ্রেণি ও সামাজিক স্তর থেকেও প্রতিনিধিত্ব রাখা হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনও পক্ষপাতিত্ব বা অসন্তোষের অভিযোগ না ওঠে। তবে, শেষ পর্যন্ত কারা মন্ত্রী হিসেবে শপথ নেবেন, তা স্পষ্ট হবে আগামীকালই।


