Aaj lndia Desk,কলকাতা: এ যেন একেবারে লুকোচুরি খেলার দৃশ্য!এক বাড়িতে খুঁজতে পৌঁছল CID, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তখন অন্য বাড়িতে বসেই সংবাদমাধ্যমের মুখোমুখি। যেন পিছন থেকে বলছেন, “কুকি! আমি তো এখানে!”
শনিবার ভরদুপুরে হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন বাড়িতে পৌঁছে যায় CID-এর একটি দল। সেই সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-কে দেখা যায় কালীঘাট রোডের বাড়িতে। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।
কলকাতা পুরসভার দেওয়া বেআইনি নির্মাণ সংক্রান্ত নোটিস নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, নোটিসে কোথায় কী ধরনের নির্মাণবিধি লঙ্ঘন হয়েছে, তার কোনও স্পষ্ট বিবরণ দেওয়া হয়নি। তাঁর দাবি, নোটিসের সঙ্গে প্রয়োজনীয় নথি সংযুক্ত ও করা হয়নি। এই বিষয়ে তিনি আইনি পদক্ষেপ করবেন বলেও জানান। অভিষেকের কথায়, “আমার অধিকার রয়েছে। আমি আদালতের দ্বারস্থ হব।”এদিকে তাঁর হরিশ মুখার্জি রোডের বাড়িতে CID পৌঁছনো নিয়েও প্রতিক্রিয়া দেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, CID কেন এসেছে বা কী কারণে নোটিস দিয়েছে, সেই কারণ তদন্তকারী সংস্থাই দিতে পারবে। একইসঙ্গে তিনি দাবি করেন, তদন্তকারী আধিকারিকদের কাছেই তাঁর বর্তমান ঠিকানার সঠিক তথ্য ছিল না।
পরে কালীঘাটের বাড়িতেই CID আধিকারিকরা পৌঁছে তাঁকে নোটিস দেন। সেই নোটিস গ্রহণ করেন অভিষেক। তিনি জানান, এখনও নোটিসের বিষয়বস্তু পড়ে দেখেননি। তবে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তদন্তে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। তাঁর বক্তব্য, অতীতেও ED, CBI-সহ বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে তিনি হাজিরা দিয়েছেন কখনও তদন্ত এড়িয়ে যাননি।
এদিন তিনি আরও বলেন, রাজনৈতিক বা প্রশাসনিক চাপের সামনে মাথা নত করার মানুষ তিনি নন। বাড়ি, অফিস বা দলীয় কার্যালয়কে কেন্দ্র করে যে কোনও পদক্ষেপের বিরুদ্ধে আইনি ও রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাবেন বলেও তিনি জানান।CID-এর নোটিস, পুরসভার পদক্ষেপ এবং অভিষেকের পাল্টা আইনি লড়াইয়ের হুঁশিয়ারি সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।


