Aaj India Desk, বীরভূম: বীরভূমের মহম্মদবাজার এলাকায় তৃণমূল (TMC) ঘনিষ্ঠ এক বালি ব্যবসায়ীর বাড়ি ও অফিসে পুলিশের তল্লাশিতে বিপুল পরিমাণ নগদ টাকা (Money) এবং সোনার গয়না (Gold Jwelary) উদ্ধার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লগইন শেখের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সন্ধ্যা থেকে শুরু হওয়া এই তল্লাশি গভীর রাত পর্যন্ত চলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় প্রায় ৫০ লক্ষ টাকা নগদ এবং ৫০২ গ্রাম সোনার গয়না উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অর্থ ও গয়নার উৎস কী, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, ওই তদন্তে সোহেল শেখ, লবান শেখ এবং সামিম শেখ নামক তিন ব্যক্তির নাম উঠে এসেছে। তাঁদের সকলেই বালি ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। পাশাপাশি একটি রাস্তা নির্মাণ সংক্রান্ত ঠিকাদারি সংস্থার সঙ্গেও তাঁদের যোগ রয়েছে বলে দাবি তদন্তকারীদের। এই ঘটনায় সামিম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে এদিন সিউড়ি আদালতে পেশ করা হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে একের পর এক পদক্ষেপ করছে বিজেপি সরকার এবং জোর কদমে তদন্তও শুরু করেছে। কয়েকদিন আগেই বীরভূমের পাথর শিল্পের ডিসিআর কেলেঙ্কারি নিয়েও সরব হয়েছিলেন সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন অনিয়মের ফলে শুধু বীরভূম জেলাতেই কয়েক হাজার কোটির রাজস্ব ক্ষতি হয়েছে। বিষয়টি দ্রুত তদন্তের জন্য তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নজরে আনার কথাও জানিয়েছিলেন।


