Aaj India Desk,নয়াদিল্লি: ভারতীয় রেলওয়ের ইতিহাসে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। পেট্রোল, ডিজেল কিংবা বিদ্যুতের বদলে এবার জলের সাহায্যে চলবে ট্রেন! দেশে প্রথমবার চালু হতে চলেছে হাইড্রোজেন চালিত ট্রেন(Hydrogen Train)। পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তির এই উদ্যোগকে ভারতের রেল ব্যবস্থার বড় মাইলফলক বলেই মনে করা হচ্ছে।
সম্প্রতি ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, ১০ কামরার হাইড্রোজেন ফুয়েল সেল ভিত্তিক ট্রেন চালানোর অনুমোদন দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই ট্রেন পরিষেবার সূচনার দিনক্ষণ ঘোষণা করা হবে। প্রথম পর্যায়ে এই ট্রেন চালানো হবে উত্তর রেলের হরিয়ানা সেকশনে। আপাতত জিন্দ থেকে সোনিপত রুটে এই বিশেষ ট্রেন চলবে বলে জানা গিয়েছে।
এই ট্রেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এতে ১২০০ কিলোওয়াটের হাইড্রোজেন ফুয়েল সেল প্রপালশন সিস্টেম ব্যবহার করা হবে। হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি হবে এবং সেই শক্তিতেই ট্রেন চলবে। ফলে ডিজেল বা কয়লার মতো দূষণকারী জ্বালানির প্রয়োজন হবে না। এই ট্রেন থেকে নির্গত হবে শুধু জলীয় বাষ্প, যা পরিবেশের জন্য একেবারেই ক্ষতিকর নয়।
রেলের দাবি, এই ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। ইতিমধ্যেই হরিয়ানার জিন্দে তৈরি হয়েছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হাইড্রোজেন স্টোরেজ ও রি-ফুয়েলিং ফেসিলিটি। ফলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই প্রযুক্তি ব্যবহার করার পথ অনেকটাই সহজ হবে।
বিশ্বের খুব কম দেশেই বর্তমানে হাইড্রোজেন ট্রেন চালু রয়েছে। জার্মানি, জাপান, চিন ও আমেরিকার পর এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে ভারতও। অনেকের মতে, দূষণ কমানো ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এই উদ্যোগ আগামী দিনের রেল ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে।


