Aaj India Desk, পূর্ব বর্ধমান: বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক ও সদ্য পরাজিত প্রার্থী খোকন দাসকে (khokhon Das) ঘিরে এবার নতুন বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, উইকিপিডিয়ায় (Wikipedia) তাঁর পরিচয়ের জায়গায় আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে। সেখানে তাঁকে ‘গ্যাংস্টার’ (Gangster) বলা হয়েছে এবং সেই দাবি ঘিরেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
জানা গিয়েছে, সম্প্রতি হওয়া বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের কাছে প্রায় ৩০ হাজারের বেশি ভোটে হারেন খোকন দাস। এরপরই অনেকের নজরে আসে উইকিপিডিয়ার ইংরেজি পাতার কিছু তথ্য। সেখানে তাঁর পেশার জায়গায় ‘Politician’-এর পাশাপাশি ‘Gangster’ শব্দও লেখা হয়েছে বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, ভাঙচুর, অগ্নিসংযোগ ও দাঙ্গা ছড়ানোর অভিযোগে কয়েকটি মামলার ধারাও উল্লেখ করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। বিজেপির নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের দাবি, “উইকিপিডিয়ায় যা লেখা হয়েছে তা নাকি খোকন দাসের রাজনৈতিক জীবনের বাস্তব ছবিই তুলে ধরছে, যা লেখা হয়েছে তা সবই সত্য”। অন্যদিকে তৃণমূলের দাবি, “উইকিপিডিয়া একটি ওপেন প্ল্যাটফর্ম, তাই যে কেউ সেখানে তথ্য বদলাতে পারে।” তাদের অভিযোগ, “ভোটে হারের পর ইচ্ছাকৃতভাবে খোকন দাসকে বদনাম করতেই এই তথ্য বিকৃত করা হয়েছে।” যদিও, পুরো বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি খোকন দাস।


