Aaj India Desk,কলকাতা:বর্ষা এলেই আতঙ্ক বাড়ে আরামবাগ মহকুমায়। প্রতি বছর বন্যার জেরে জলমগ্ন হয়ে পড়ে আরামবাগ, গোঘাট, খানাকুল ও পুরশুড়ার এলাকা। ক্ষতির মুখে পড়েন কৃষকরা, ভেসে যায় হাজার হাজার বিঘা জমির ফসল, ক্ষতিগ্রস্ত হয় বহু কাঁচাবাড়িও। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এ বার বর্ষার আগেই সক্রিয় হলেন বিজেপির বিধায়করা।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপের দাবিতে গত বৃহস্পতিবার আরামবাগ মহকুমাশাসকের দফতরে প্রশাসনিক বৈঠকে যোগ দেন চার বিজেপি বিধায়ক। উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার ও খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। বৈঠকে ছিলেন মহকুমাশাসক রবি কুমার মিনা-সহ একাধিক সরকারি আধিকারিকও।সূত্রের খবর, বৈঠকে বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি নদী বাঁধ সংস্কার, রাস্তা মেরামতি, বিদ্যুৎ পরিষেবা উন্নত করা এবং রামকৃষ্ণ সেতুর পাশে নতুন সেতু নির্মাণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বর্ষা নামার আগেই যাতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করা যায়,সেই বিষয়ে প্রশাসনের উপরে চাপ বাড়ান বিজেপি বিধায়করা।
আরামবাগ, খানাকুল, গোঘাট ও পুরশুড়া এলাকায় প্রতি বছর বন্যায় ব্যাপক ক্ষতি হয়। নদী বাঁধ ভাঙন ও জলবন্দির সমস্যা দীর্ঘদিনের। বিরোধী দলে থাকার সময় বিজেপি এই ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেও সেই সময়ের শাসক দল বিন্দু বিসর্গ কাজও করেনি। বর্তমানে ক্ষমতায় বিজেপি থাকায় এবার বন্যা পরিস্থিতি সামাল দেওয়া তাদের জন্য বড় চ্যালেঞ্জ এমন টাই মনে করছেন কর্মীরা।সে কারণে বর্ষার আগে নদী বাঁধ মেরামত ও বন্যা প্রতিরোধে দ্রুত পদক্ষেপের দাবিতে প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছেন বিজেপি বিধায়করা।
পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, বর্ষার আগে নদী বাঁধ মজবুত করা, নিকাশি ব্যবস্থা উন্নত করা এবং ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন তাঁরা। গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার জানান, বন্যা নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে এবং মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ জরুরি। খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষও বলেন, বন্যা ও বিদ্যুৎ সমস্যা সহ সব ক্ষেত্রেই দ্রুত কাজ দরকার।
এছাড়া ফেরিঘাটের লিজ ও পারাপার ফি নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা। অন্যদিকে সেচ দপ্তরের মতে, এই এলাকা ভৌগলিক কারণে বন্যাপ্রবণ। স্থায়ী সমাধানে নদী সংস্কার ও বাঁধ মজবুত করতে বড়সড় মাস্টারপ্ল্যান ও বিপুল অর্থের প্রয়োজন।


