কলকাতা: ‘ভোলে বাবা পাড় করেগা’ সিরিয়ালের শুটিং করতে গিয়ে তাজপুরে অকস্মাৎ মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয়য় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। যা নিয়ে তোলপাড় সমগ্র টলিউড। মঙ্গলবার মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়ে বিকেলেই সাংবাদিক বৈঠক করে তা প্রত্যাহার করে নেয় আর্টিস্ট ফোরাম-ফেডারেশন। তবে শুটিং ফ্লোরে নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলতে শুরু করেছেন টলিপাড়ার বহু কলাকুশলী। সেইসঙ্গে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা (Priyanka Sarkar) ও ছেলে সহজের পাশে থাকার আশ্বাস দিয়েছে টলিপাড়া। এই আবহে স্বামীর (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ১০ দিনের মাথায় অবশেষে মুখ খুললেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
জোড়ালো দাবী তুলেছেন প্রিয়াঙ্কা
রাহুলের (Rahul Arunoday Banerjee) মৃত্যু নাড়িয়ে দিয়েছে সকলকেই। তাঁর মৃত্যুর ধোঁয়াশা কাটেনি এখনও। এর আগে ‘ভোলে বাবা পাড় করেগা’ সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার ও আর্টিস্ট ফোরাম। তবে এতদিন সরাসরি কিছু বলেননি প্রিয়াঙ্কা। অবশেষে বৃহস্পতিবার সমাজমাধ্যমে পোস্ট করলেন তিনি।
প্রিয়াঙ্কা (Priyanka Sarkar) লেখেন, “ধন্যবাদ জানাই সকলকে, এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য। ৭ তারিখে গোটা চলচ্চিত্র পরিবার যেন এক সুরে বাঁধল নিজেদের—একই ভাবনা, একই চিন্তা আর অফুরন্ত ভালোবাসায়। এখানে কোনো বিভাজন নেই, কোনো রাজনৈতিক রং নেই; নেই কোনো ব্যক্তিগত স্বার্থ বা আমিত্বের সংঘাত। এখানে শুধু একটাই সত্য—আমরা একটি পরিবার। পরিবারেরই একজন সদস্যের প্রতি গভীর স্নেহ আর মমতা থেকেই আজকের এই ঐক্যবদ্ধ লড়াই।”
সেইসঙ্গে অভিনেত্রী লেখেন, “তবে এই অকাল প্রয়াণ যেন নিছক একটি শোকের স্মৃতি হয়ে না থাকে; এটি যেন আরও বড় কোনো পরিবর্তনের সূচনা করে। তবেই এই মানুষটি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন, এটাই হবে তার প্রকৃত উত্তরসূরি বা লেগাসি। আমাদের লক্ষ্য হোক একটাই—ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। টেকনিশিয়ান হোন বা শিল্পী—মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়।”
উল্লেখ্য, রাহুলের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর তদন্তের জন্য গত ৫ এপ্রিল ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-র কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়-সহ পরিচালক শুভাশিস মণ্ডল, এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে তালসারি থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রিয়াঙ্কা। ইতিমধ্যেই অভিযুক্তদের সমন পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।


