35 C
Kolkata
Sunday, May 31, 2026
spot_img

অসম-উত্তরপ্রদেশের পথে বাংলা? জনসংখ্যা নিয়ন্ত্রণে কি ইঙ্গিত দিল নতুন সরকার?

Aaj India Desk, কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নানা নতুন সিদ্ধান্ত নেওয়া শুরু হয়েছে। এবার প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গও (West Bengal) কি ভবিষ্যতে উত্তরপ্রদেশ (UttarPradesh) ও অসমের (Assam) মতো পথে হাঁটতে চলেছে? জনসংখ্যা নিয়ন্ত্রণ (Population control) নিয়ে কি কোনও নতুন আইন আসতে পারে? পরিবার পিছু জন্মসীমা নির্ধারণের মতো কোনও ব্যবস্থা কি নিতে পারে রাজ্য সরকার? এই ধরনের প্রশ্নই এখন রাজ্য রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। এর মূল কারণ হলো, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর কাছে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে একটি প্রস্তাব দিয়েছেন। তাঁর মন্তব্যের পর থেকেই নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

শমীক ভট্টাচার্যের বক্তব্য কী?

তিনি বলেন, “জনসংখ্যা নিয়ন্ত্রণ এখন জরুরি। পশ্চিমবঙ্গে জনসংখ্যা প্রায় ১০ কোটি হয়ে গেছে। একদিকে অনুপ্রবেশ, অন্যদিকে উদ্বাস্তু পরিস্থিতি- সব মিলিয়ে চাপ বাড়ছে। যদি নিজেরাই বেশি সন্তান নিয়ে এই সংখ্যা বাড়াতে সাহায্য করি, তাহলে জন্মনিয়ন্ত্রণ বাধ্যতামূলক করা দরকার।” তিনি আরও জানান, “এটা দরকারি বিষয়, মানুষও এটা চায়। আমি মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনই করেছি যাতে বিষয়টি ভেবে দেখা হয়।”

বর্তমানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত?

ন্যাশনাল কমিশন অন পপুলেশন-এর টেকনিক্যাল গ্রুপের তথ্য অনুযায়ী, বর্তমানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় ১০ কোটি ৬ লক্ষ (১০০.৬৩ মিলিয়ন)। জনসংখ্যার হিসেবে রাজ্যটি উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও বিহারের পরেই রয়েছে। বিজেপি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে অনুপ্রবেশের কারণে বাংলার জনসংখ্যার গঠন বদলাচ্ছে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপের কথাও বলা হয়েছে।

অসম ও উত্তরপ্রদেশ-এ কী ধরনের নিয়ম আছে?

এই দুই রাজ্যেই মূলত ‘টু-চাইল্ড পলিসি’ বা দুই সন্তানের নীতি কার্যকর করার ওপর জোর দেওয়া হয়েছে। অসমে নিয়ম অনুযায়ী, দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরির জন্য আবেদন করা যায় না। সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও এই নিয়ম কঠোরভাবে মানা বাধ্যতামূলক। তবে এসসি, এসটি, চা বাগান শ্রমিক এবং কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের ক্ষেত্রে ৩ সন্তান পর্যন্ত ছাড় রয়েছে।

অন্যদিকে, উত্তরপ্রদেশ সরকার ২০২১ সালে ‘দ্য উত্তরপ্রদেশ পপুলেশন (কন্ট্রোল, স্ট্যাবিলাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার) বিল, ২০২১’-এর খসড়া প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল, দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরির সুযোগ বা পদোন্নতি পাওয়া যাবে না। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এবার কি পশ্চিমবঙ্গ-ও একই পথে হাঁটতে চলেছে? রাজনৈতিক মহলে সেই জল্পনাই এখন তুঙ্গে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন