Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার ঘোষিত “অন্নপূর্ণা ভাণ্ডার” (Annapurna Bhandar) প্রকল্প ঘিরে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা। গত সোমবারই সরকার সূত্রে জানানো হয়, আগামী ১ জুন ২০২৬ থেকেই প্রকল্পটি চালু হতে পারে। এরপর আজ বুধবার বিজেপি মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এই প্রকল্পের সুবিধা পেতে অনলাইনেই আবেদন করতে পারবেন মহিলারা। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইটে কিছু প্রকাশ করা হয়নি।
কী মিলবে এই প্রকল্পে ?
“অন্নপূর্ণা ভাণ্ডার” (Annapurna Bhandar) মূলত মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দেওয়ার একটি নতুন সরকারি প্রকল্প। যোগ্য মহিলাদের প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ₹৩,০০০ করে পাঠানো হতে পারে। এই টাকা DBTএর মাধ্যমে দেওয়া হবে। অর্থাৎ মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি উপভোক্তার ব্যাঙ্কে টাকা পৌঁছবে।
যোগ্যতার মানদণ্ড
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন
- বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে
- লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে
অনলাইন আবেদন চালু হবে কবে ?
অনলাইন আবেদন কবে শুরু হবে তা যথা সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। সরকারি পোর্টাল চালু হলে আবেদন প্রক্রিয়ার জন্য আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবুক, পাসপোর্ট সাইজ ছবি, আধার লিঙ্কড মোবাইল নম্বর প্রভৃতি নথি জমা দিতে হবে। পাশাপাশি “দুয়ারে সরকার” ক্যাম্প, BDO অফিস, SDO অফিস বা মিউনিসিপ্যালিটির মাধ্যমে অফলাইনও ফর্ম জমা নেওয়া হতে পারে।
তবে এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) কোনো অফিসিয়াল ফর্ম প্রকাশ হয়নি। তাই কোনো ফেক ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেবেন না, আধার বা ব্যাঙ্ক OTP কাউকে শেয়ার করবেন না এবং ইউটিউবের বা সমাজ মাধ্যমের ভুয়ো ভিডিও ও ছবি দেখে বিভ্রান্ত হবেন না। শুধুমাত্র সরকারি পোর্টালগুলিতে নজর রাখুন। সরকারি ঘোষণা প্রকাশের পরই প্রকৃত নিয়ম ও আবেদন পদ্ধতি স্পষ্ট হবে। ততদিন পর্যন্ত সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসনিক মহল।


