Aaj India Desk,কলকাতা: রূপান্তরকামী মহিলারা (Transgender women) ও কি মাসে ৩ হাজার টাকা পাবেন? ঘিরে এই প্রশ্ন এখন বহু আবেদনকারীর মনে। কারণ ইতিমধ্যেই বহু রূপান্তরকামী মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। যদিও এখনও পর্যন্ত কোনও রূপান্তরকামী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে বলে সরকারি ভাবে জানা যায়নি।
এই বিষয়ে রাজ্যের শিশু ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায় মন্ত্রী জানিয়েছেন, রূপান্তরকামী মহিলারা যদি প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেন এবং সঠিক নথি জমা দেন, তাহলে তাঁরাও অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পাবেন। ইতিমধ্যেই বহু রূপান্তরকামী আবেদন করেছেন বলেও জানা গিয়েছে।
অন্যদিকে, ফর্ম ফিল-আপের সময় ছোট-বড় ভুলের কারণে অনেক আবেদন এখনও অনুমোদন পায়নি। নামের বানান ভুল, আধার বা ভোটার কার্ড নম্বরের গরমিল, কিংবা নথির তথ্যের অসঙ্গতির কারণে অনেকের আবেদন আটকে রয়েছে। তবে সরকার জানিয়েছে, নির্দিষ্ট পোর্টালে লগ-ইন করে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ওটিপির মাধ্যমে আবেদনকারীরা নিজেদের তথ্য সংশোধন করতে পারবেন। ভুল তথ্য ঠিক করে নতুন নথি আপলোড করে পুনরায় আবেদন জমা দেওয়া যাবে।
তবে সব ক্ষেত্রে সংশোধনের সুযোগ নাও মিলতে পারে। বিশেষ করে যেসব মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুরুষ পরিবারের সদস্যের নাম রয়েছে, তাঁদের নতুন করে আবেদন করতে হতে পারে। সূত্রের খবর, গত মাসে টাকা পেলেও এই মাসে অনেকের অ্যাকাউন্টে অর্থ জমা পড়েনি এই কারণেই।
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, সেটাও স্পষ্ট করেছে সরকার। আয়করদাতা মহিলা, কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী কর্মী, পঞ্চায়েত বা পুরসভার কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের নিয়মিত কর্মচারী এবং পেনশনভোগীরা এই সুবিধার আওতায় থাকবেন না।
এছাড়াও, আধার বা ভোটার তথ্য ভুল দেওয়া, নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপন করা কিংবা প্রয়োজনীয় নথিতে অসঙ্গতি থাকলেও আবেদন বাতিল হতে পারে। সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ১০ জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি আগামী অগাস্ট মাস পর্যন্ত নতুন আবেদন গ্রহণ করা হবে।


