Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভায় খুব দ্রুত চালু হতে চলেছে ‘পেপারলেস’ ব্যবস্থা বা সম্পূর্ণ ডিজিটাল কার্যপ্রণালী। বৃহস্পতিবার কেন্দ্রের ‘ন্যাশনাল ই-বিদান অ্যাপ্লিকেশন’ (NEVA) প্রকল্পে যোগ দেওয়ার পর সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। নতুন ব্যবস্থার আওতায় বিধানসভার কাজকর্ম এবার থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে বলে ঘোষণা করেন তিনি।
বিধায়কদের জন্য বিশেষ প্রশিক্ষণ
স্পিকার জানান, আসন্ন সময়ে বিধানসভায় বিপুল সংখ্যক নতুন বিধায়ক থাকবেন। তাঁদের ডিজিটাল ব্যবস্থার সঙ্গে পরিচিত করতে বাজেট অধিবেশনের পর প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লার। পাশাপাশি উত্তরপ্রদেশ ও রাজস্থানের বিধানসভার স্পিকাররাও প্রশিক্ষণ প্রক্রিয়ায় অংশ নেবেন বলে জানানো হয়েছে।
কীভাবে কাজ করবে NEVA ব্যবস্থা?
NEVA বা ‘ন্যাশনাল ই-বিদান অ্যাপ্লিকেশন’ হল একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে সাংসদ ও বিধায়কেরা প্রশ্ন জমা দেওয়া, নোটিস পাঠানো, প্রস্তাব উত্থাপনসহ বিভিন্ন আইনসভার কাজ অনলাইনে করতে পারবেন।
একই সঙ্গে সাধারণ নাগরিকরাও আইনসভার কার্যকলাপ সম্পর্কে তথ্য জানতে পারবেন। অ্যাপের মাধ্যমে অধিবেশনের সরাসরি সম্প্রচার দেখা, বিভিন্ন প্রস্তাব ও কার্যক্রম সম্পর্কে তথ্য পাওয়া এবং মতামত জানানোর সুযোগ থাকবে।
স্বচ্ছতা বাড়ানোর দাবি
স্পিকারের বক্তব্য, বিধানসভার কাজ সম্পূর্ণ ডিজিটাল হলে তথ্যপ্রাপ্তি সহজ হবে এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে। নাগরিকরা আইনসভার কার্যক্রম আরও কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারবেন। এর ফলে আইনসভার কার্যপ্রণালী আরও সুসংহত ও নিয়মভিত্তিক হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েক বছর আগেই পশ্চিমবঙ্গকে NEVA প্রকল্পে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে তৎকালীন তৃনমূল কংগ্রেসের রাজ্য সরকার সেই উদ্যোগে অংশ নেয়নি। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে সরকার পরিবর্তনের হতেই নতুন বিজেপি সরকার কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করে NEVA প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতা বজায় রাখতেই এবার পশ্চিমবঙ্গ বিধানসভাকে সম্পূর্ণ ডিজিটাল ও ‘ই-বিধানসভা’ হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে।


