Aaj India Desk, কলকাতা : জন্মদিনের রাতে বাড়ির সামনে সংঘর্ষ ও হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ল রাজ্যে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁকে খুনের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় বিজেপি ও রাজ্য সরকারকে সরাসরি নিশানা করেছেন তিনি। অন্যদিকে, সাতসকালেই অভিষেকের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর কটাক্ষ, এত বড় নেতা হয়ে রাস্তায় কেন জন্মদিন পালন করতে গেলেন অভিষেক?
জন্মদিনের রাতেই উত্তপ্ত পরিস্থিতি
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাঁর বাড়ির সামনে রাত থেকেই জড়ো হয়েছিলেন অনুগামী ও সমর্থকেরা। অভিযোগ, রাত বাড়তেই সেখানে একদল বহিরাগত এসে গোলমাল শুরু করে। এরপর দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। ঘটনায় সাত জন আহত হয়েছেন।
অভিষেকের অভিযোগ, হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। শুধু তাঁর বাড়ি ও কার্যালয়ে হামলাই নয়, পুলিশকর্মীদেরও মারধর করা হয়েছে। ইট ও বড় পাথর ছোড়ার ফলে কয়েকজন আহত হন। এমনকী এক ব্যক্তির চোখের নীচের হাড় ভেঙে গিয়েছে বলেও দাবি করেছেন তিনি।
কী বললেন দিলীপ ঘোষ?
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিষেককেই পাল্টা কটাক্ষ করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর বক্তব্য, এত বড় নেতা চাইলে কোনও হোটেলের হল ভাড়া করে জন্মদিন পালন করতে পারতেন। রাস্তায় বা ফুটপাতে অনুষ্ঠান করলে তার প্রতিক্রিয়া হওয়াও অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেন তিনি। দিলীপের কথায়, “জন্মদিন পালন করছে এত বড় নেতা… তো হোটেলে হল নিয়ে করতে পারে। রাস্তায় ফুটপাতে যদি করেন, তো কিছু প্রতিক্রিয়া হয়েছে হয়তো। কী হয়েছে, আমি তো ঘটনা জানি না।”
পাশাপাশি, প্রাণনাশের চেষ্টার অভিযোগ নিয়েও অভিষেককে কটাক্ষ করেন তিনি। দিলীপের (Dilip Ghosh) দাবি, রাজনৈতিকভাবে চাপে পড়লে বা পায়ের তলার মাটি সরে গেলে এ ধরনের অভিযোগ সামনে আসে। তাঁর বক্তব্য, এ ধরনের মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো রাজনৈতিক কৌশলের মতো।
অভিষেকের অভিযোগ এবং দিলীপ ঘোষের পাল্টা মন্তব্য ঘিরে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি। তবে রাতের সংঘর্ষ, হামলার অভিযোগ এবং আহতদের বিষয়ে পুলিশের তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্যই এখন গুরুত্বপূর্ণ।


