Aaj lndia Desk,পূর্ব বর্ধমান: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় সাধারণ মানুষ যে আবেদনপত্র জমা দিয়েছিলেন, তার বহু নথিই ব্লক দপ্তরে পৌঁছনোর বদলে পড়ে ছিল তৃণমূলের দলীয় কার্যালয়ে। সরকার পরিবর্তনের পর সোমবার মঙ্গলকোটের মাজিগ্রাম তৃণমূল অফিস থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় শতাধিক আবেদনপত্র। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি পরিষেবার প্রতিশ্রুতি দেয় , পরে নিয়ম মেনে প্রয়োজনীয় নথি ও আবেদনপত্র সংগ্রহ করা হলেও, সেগুলি প্রশাসনের কাছে জমা না দিয়ে পার্টি অফিসেই ফেলে রাখা হয়েছিল। উদ্ধার হওয়া কাগজপত্রের মধ্যে কিছু নথি পোড়ানো অবস্থায় মিলেছে বলেও দাবি এলাকাবাসীর।
তৃণমূল পার্টি অফিস থেকে পঞ্চায়েত ঢিল ছোড়া দূরত্বে তারপরও সরকারি নথিপত্র বা আবেদন পত্র কেন তৃণমূলের পার্টি অফিসে সেই নিয়ে উঠছে প্রশ্ন?
ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির মঙ্গলকোট ৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সৌমেন মুখোপাধ্যায় অভিযোগ করে বলেন, গরিব মানুষের কাছ থেকে সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা ও নথি সংগ্রহ করা হলেও, সেই আবেদনপত্র আর সরকারি দপ্তরে জমা পড়েনি। তাঁর দাবি, এর ফলেই বহু মানুষ উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও তুলেছেন তিনি।
অন্যদিকে, এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের স্থানীয় বা জেলা নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।তবে নিজেদের গুরুত্বপূর্ণ আবেদনপত্র ও নথি এভাবে দলীয় কার্যালয়ে অবহেলায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীদের মধ্যে অসন্তর সৃষ্টি হয়েছে পাশাপাশি গভীর হতাশা ছড়িয়ে পড়েছে মাজিগ্রামের সাধারণ মানুষের মধ্যে।


