Aaj India Desk, নয়াদিল্লি: ভোটার তালিকা (Voter List) চূড়ান্তভাবে স্থির (ফ্রিজ) হয়ে যাওয়ার পরেও ফর্ম ৬ জমা নিয়ে বিপুল সংখ্যক নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা আইনবিরুদ্ধ-এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে Supreme Court)-এর প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন জানালেন আইনজীবী মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy)। এসআইআর (SIR) প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। ফর্ম ৬ ইস্যুতে এর আগেও রাজ্যে তৃণমূল কংগ্রেস (TMC)-এর বহু নেতা-নেত্রী সরব হয়েছেন। তাঁদের অভিযোগ ছিল, বেআইনিভাবে গুচ্ছ গুচ্ছ ফর্ম কমিশনের দফতরে জমা পড়েছে। এবার সেই একই বিষয় সুপ্রিম কোর্টের দোরগোড়ায় পৌঁছল।
তবে মেনকা গুরুস্বামীর মৌখিক আবেদন শুনতে রাজি হননি প্রধান বিচারপতি সূর্য কান্ত। কটাক্ষের সুরে তিনি বলেন, “এবার মনে হচ্ছে শুধু পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানির জন্য আলাদা বেঞ্চ গঠন করতে হবে।” পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিয়ম মেনে লিখিত পিটিশন দাখিল করা হলে তবেই বিষয়টি শুনানি হতে পারে।
মিডিয়া রিপোর্টের উল্লেখ করে মেনকা দাবি করেন, প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছিল। তাহলে তার পর কীভাবে নতুন ভোটারদের নাম তালিকায় যোগ করা হচ্ছে-সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র অ্যাপেলেট ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া মামলাগুলির ক্ষেত্রেই সংশ্লিষ্ট নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে।
তিনি আরও জানান, গত ১৩ এপ্রিলের শুনানির পর আদালতের নির্দেশে স্পষ্ট বলা হয়েছিল, নির্ধারিত কাট-অফ ডেট পেরিয়ে যাওয়ার পর নতুন করে কোনও নাম তালিকায় তোলা যাবে না। কেবলমাত্র ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া নামই যুক্ত করা সম্ভব।
মেনকার আরও যুক্তি, শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী স্পষ্টভাবে মন্তব্য করেছিলেন যে, কাট-অফ ডেটের পরে ফর্ম ৬-এর মাধ্যমে যাঁদের নাম নতুন করে যুক্ত হচ্ছে, তাঁরা এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।
যেহেতু মিডিয়া রিপোর্টের ভিত্তিতে তিনি মৌখিক আবেদন করেছিলেন, তাই প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ সেই আবেদন গ্রহণ করেনি। পরিবর্তে, নিয়ম মেনে পূর্ণাঙ্গ পিটিশন দাখিল করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।


