Aaj India Desk, কলকাতা: ২১ জুলাইয়ের (21 July) শহিদ দিবসের সমাবেশ কোথায় হবে, তা নিয়ে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) শুরু হয়েছে আইনি জট। ভিক্টোরিয়া হাউসের সামনে নাকি বিড়লা তারামণ্ডলের সামনে সভা হবে- এই বিষয়ে রাজ্য সরকারের স্পষ্ট মত জানতে চেয়েছে আদালত। শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য জনসাধারণের অসুবিধা ও আইনশৃঙ্খলার বিষয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
শুনানিতে বিচারপতি বলেন, বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস (TMC) এখন কার্যত দুই ভাগে বিভক্ত। এমন পরিস্থিতিতে যদি দুই পক্ষ একই সময়ে বড় কর্মসূচি করে, তাহলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে। তাই তিনি বিকল্প হিসেবে ডোরিনা ক্রসিং, ধর্মতলার পশ্চিম অংশ বা হাজরা এলাকায় শহিদ দিবস পালনের পরামর্শ দেন।
অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে দাবি করেন, এই মামলাটি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মূল সংগঠনের তরফে দায়ের করা হয়নি। তাই মামলাটির গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন রয়েছে। তিনি আরও জানান, যদি কোনও আইনি জটিলতা এড়াতে চাওয়া হয়, তাহলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করা যেতে পারে। সেখানে অনুমতি দিতে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই। একইসঙ্গে শহিদ মিনার ময়দানে কংগ্রেস এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীকে কীভাবে অনুমতি দেওয়া হয়েছে, সেই বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, বহু বছর ধরে ভিক্টোরিয়া হাউসের সামনেই শহিদ দিবস পালন করা হয়ে আসছে। প্রয়োজনে ওয়াই-চ্যানেলেও সভা করা যেতে পারে। তবে বিড়লা তারামণ্ডলের সামনে অনুষ্ঠান করতে তাদের কোনও আপত্তি নেই বলেও তিনি স্পষ্ট করেন।
সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, বিড়লা তারামণ্ডলের সামনে সভা হলে রাজ্য প্রশাসনের কোনও আইনশৃঙ্খলাজনিত সমস্যা বা আপত্তি রয়েছে কি না। এই বিষয়ে রাজ্য সরকারকে নির্দিষ্ট অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে আদালত। প্রথমে দুপুর সাড়ে ১২টার মধ্যে সেই অবস্থান আদালতে জানাতে বলা হয়েছে।


