Aaj India Desk, কলকাতা: ২০২৪ সালের ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে (Sandeshkhali) শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাড়িতে যায় ইডি (ED)। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও । দীর্ঘক্ষণ দরজায় ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় বাড়ির তালা ভাঙার চেষ্টা শুরু করেন আধিকারিকরা। সেই সময় আচমকাই ED ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। হামলাকারীদের মুখে শেখ শাহজাহানের নামেও স্লোগান শোনা যায়। সেই ঘটনা নিয়ে তখন রাজ্যজুড়ে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছিল।
এবার সেই হামলার ঘটনায় বড় পদক্ষেপ করল পুলিশ। শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেত্রীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকা থেকে তাঁদের ধরা হয়। ধৃতদের নাম সবিতা রায় ও মিঠু সর্দার। সবিতা রায় বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল সভানেত্রী এবং সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী। অন্যদিকে মিঠু সর্দার সন্দেশখালি ১ নম্বর ব্লক তৃণমূলের সভানেত্রী এবং একই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। পুলিশ জানাচ্ছে, ED হামলার ঘটনায় তাঁদের ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করে আরও কারা এই ঘটনায় জড়িত ছিলেন, সেই তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
সন্দেশখালির এই ঘটনা নিয়ে বিভিন্ন স্তরে চরম উত্তেজনা ছড়ায়। পরে শেখ শাহজাহান ও তাঁর পরিবারের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে ED। এরপর এলাকায় শাহজাহানের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ফেটে পড়ে। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। তাঁর ঘনিষ্ঠদের বাড়ি, অফিস ও পোলট্রি ফার্মে ভাঙচুরের ঘটনাও ঘটে। ঘটনার ৪৮ দিন পর সন্দেশখালিতে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এর মধ্যেই কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, শেখ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে কোনও আইনি বাধা নেই। তারপর ED-র উপর হামলার ৫৫ দিন পর মিনাখাঁ এলাকা থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ।


