Aaj India Desk, কলকাতা: রাজ্য সরকারের তরফে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) নতুন আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। এই প্যানেলে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (Advocate General) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিশিষ্ট আইনজীবী রাজদীপ মজুমদারকে (Rajdeep Majumdar)। পাশাপাশি সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন কল্লোল মণ্ডল। সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল পদে আনা হয়েছে নীলাঞ্জন ভট্টাচার্যকে।
জানা গেছে যে, রাজদীপ মজুমদার দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে সুনামের সঙ্গে আইন পেশার সঙ্গে যুক্ত। এবার তিনি অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হিসেবে রাজ্যের হয়ে গুরুত্বপূর্ণ মামলায় সওয়াল করবেন। এর আগে তিনি কলকাতা হাইকোর্টে ডেপুটি সলিসিটর জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সওয়াল করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বুধবার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নিয়োগের কথা জানানো হয়েছে।
সরকারি কাউন্সিল হিসেবে নিয়োগ করা হয়েছে দিব্যেন্দু নারায়ণকে। পাশাপাশি, পাবলিক প্রসিকিউটর পদে দায়িত্ব পেয়েছেন কল্লোল মন্ডল। ফৌজদারি মামলায় তাঁর অভিজ্ঞতা এবং আদালতে দক্ষ সওয়ালের জন্য তিনি পরিচিত।এছাড়াও, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল হিসেবে নিয়োগ করা হয়েছে নীলাঞ্জন ভট্টাচার্যকে।
রাজ্য সরকারের দাবি, আদালতে সরকারের অবস্থান আরও শক্তভাবে তুলে ধরতেই অভিজ্ঞ আইনজীবীদের নিয়ে এই নতুন প্যানেল তৈরি করা হয়েছে। বর্তমানে কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতি, আর্থিক অনিয়ম, প্রশাসনিক সিদ্ধান্ত, ভোট পরবর্তী হিংসা এবং আরজি কর মামলার মতো একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে। সেই পরিস্থিতিতে নতুন আইনি টিম গঠনকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


